চোখের বদলে চোখ—যুক্তরাষ্ট্র ও আঞ্চলিক মিত্রদের কড়া হুঁশিয়ারি দিল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i161600-চোখের_বদলে_চোখ_যুক্তরাষ্ট্র_ও_আঞ্চলিক_মিত্রদের_কড়া_হুঁশিয়ারি_দিল_ইরান
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেন, হরমুজ প্রণালীতে কোনো জাহাজে ইরানের পক্ষ থেকে হামলা হলে যুক্তরাষ্ট্র ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাবে। এর জবাবে ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন।
(last modified 2026-07-23T12:45:32+00:00 )
জুলাই ২৩, ২০২৬ ১৮:২৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেন, হরমুজ প্রণালীতে কোনো জাহাজে ইরানের পক্ষ থেকে হামলা হলে যুক্তরাষ্ট্র ইরানের সেতু, বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা চালাবে। এর জবাবে ইরানের শীর্ষ রাজনৈতিক ও সামরিক কর্মকর্তারা কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন।

ইরানের কেন্দ্রীয় সামরিক কমান্ড খাতামুল আম্বিয়া এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি ইরানের পারমাণবিক বা গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা চালায়, তাহলে তা আঞ্চলিক যুদ্ধের বিস্তার হিসেবে বিবেচিত হবে। তাদের দাবি, সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র, তার মিত্র এবং সমর্থকদের স্বার্থ ও স্থাপনাগুলো ইরানের সশস্ত্র বাহিনীর লক্ষ্যবস্তু হবে।

আরেক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র যদি হুমকি বাস্তবায়ন করে, তাহলে ইরান অঞ্চল থেকে তেলের রপ্তানি ব্যাহত করার পাশাপাশি তেল, গ্যাস, বিদ্যুৎ ও অর্থনৈতিক অবকাঠামোকেও লক্ষ্যবস্তু করতে পারে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাকচি বলেন, ইরানের প্রতিরক্ষা নীতি ‘চোখের বদলে চোখ’ নীতির ওপর ভিত্তি করে গড়ে উঠেছে। তার ভাষ্য অনুযায়ী, ইরানের অবকাঠামোর বিরুদ্ধে যেকোনো হামলার জবাব হবে “শক্তিশালী ও দৃঢ়” এবং যারা এমন হামলায় সহযোগিতা করবে, তাদেরও বৈধ লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে।

ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ ও সতর্ক করে বলেন, যদি ইরান তেল রপ্তানি করতে না পারে, তাহলে এই অঞ্চলের অন্য কোনো দেশও নিরাপদে তেল রপ্তানি করতে পারবে না।

এদিকে, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (IRGC) মহাকাশ বিভাগের কমান্ডার মেজর জেনারেল সাইয়্যেদ মাজিদ মুসাভি বলেন, ইরানের সেতু বা বিদ্যুৎকেন্দ্রে হামলা হলে যুক্তরাষ্ট্রের মিত্র ও তাদের আতিথ্যদানকারী দেশগুলোর বিদ্যুৎ অবকাঠামোও ঝুঁকির মুখে পড়বে।#

পার্সটুডে/এমবিএ/২৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।