পাইলটদের সম্পর্কে জানতে কাতারে বিশেষজ্ঞ দল পাঠাতে চায় ইরান; অনুমতি মেলেনি
-
ব্রিগেডিয়ার জেনারেল বাকেরজাদেহ
পার্সটুডে- ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের নিখোঁজ ব্যক্তিদের সন্ধান বিষয়ক কমিটির কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল বাকেরজাদেহ কাতারে ইরানি পাইলটদের আটক থাকার বিষয়টি অস্বীকার করার প্রতিক্রিয়ায় বলেছেন, অত্যন্ত অভিজ্ঞ ইরানি বিমানবাহিনীর বিশেষজ্ঞদের একটি দল কয়েক মাস ধরে কাতারে প্রবেশের অনুমতির অপেক্ষায় রয়েছে। তারা ঘটনাস্থলে গিয়ে তদন্ত পরিচালনা করবে।
বার্তা সংস্থা ইরনার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, কাতারে আটক ইরানি পাইলটদের বিষয়ে জরুরি ভিত্তিতে তদন্তের আহ্বান জানিয়ে আন্তর্জাতিক রেড ক্রস কমিটির প্রেসিডেন্টের কাছে ব্রিগেডিয়ার জেনারেল বাকেরজাদেহ চিঠি পাঠানোর পর কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বিষয়টি অস্বীকার করেন। এরপর বাকেরজাদেহ কাতারি কর্মকর্তার বক্তব্য প্রত্যাখ্যান করেছেন।
তিনি বলেন, বিষয়টি অস্বীকার করা এবং সত্য উদঘাটনের প্রচেষ্টায় বাধা দেওয়ার পরিবর্তে কাতার সরকারের উচিত ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিমানবাহিনীর একটি তথ্য-অনুসন্ধান ও বিশেষজ্ঞ দলকে কাতারে যাওয়ার অনুমতি দেওয়া।
বাকেরজাদেহ আরও বলেন, ইরানি বিমানবাহিনীর অত্যন্ত অভিজ্ঞ বিশেষজ্ঞদের একটি দল কয়েক মাস ধরে কাতারে প্রবেশ করে ঘটনাস্থলে তদন্ত পরিচালনার জন্য অপেক্ষা করছে। তবে কাতারি কর্মকর্তাদের বারবার বাধা ও কালক্ষেপণের কারণে এখন পর্যন্ত ইরানি পাইলটদের দেশে ফিরিয়ে আনার উদ্যোগ সফল হয়নি।
তিনি আবারও আন্তর্জাতিক রেড ক্রস কমিটিকে বিষয়টি জরুরি ভিত্তিতে অনুসরণ করার আহ্বান জানান। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, একই ধরনের একটি ঘটনায় কুয়েতের হাতে আটক চার ইরানি নাগরিক সম্পর্কেও কুয়েত এখন পর্যন্ত তথ্য সরবরাহে বিরত রয়েছে।#
পার্সটুডে/এসএ/১৬
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।