তেহরান-মস্কো সম্পর্ক সাধারণ যোগাযোগ ও সম্পর্কের চাইতেও অনেক উর্ধ্বে
https://parstoday.ir/bn/news/iran-i162698-তেহরান_মস্কো_সম্পর্ক_সাধারণ_যোগাযোগ_ও_সম্পর্কের_চাইতেও_অনেক_উর্ধ্বে
পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক কোনো সাধারণ যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি অভিন্ন স্বার্থ ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা একটি কৌশলগত সম্পর্ক।
(last modified 2026-09-02T13:38:31+00:00 )
সেপ্টেম্বর ০২, ২০২৬ ১০:২৬ Asia/Dhaka
  • ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টদের মধ্যে বৈঠক
    ইরান ও রাশিয়ার প্রেসিডেন্টদের মধ্যে বৈঠক

পার্সটুডে- ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরান ও রাশিয়ার মধ্যকার সম্পর্ক কোনো সাধারণ যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি অভিন্ন স্বার্থ ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা একটি কৌশলগত সম্পর্ক।

ইরনা-এর বরাতে পার্সটুডে জানিয়েছে, মঙ্গলবার কিরগিজস্তানে সাংহাই সহযোগিতা সংস্থার (SCO) শীর্ষ সম্মেলনের অবকাশে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে পেজেশকিয়ান ইরান-রাশিয়া সম্পর্কের বিশেষ অবস্থান এবং দুই দেশের যৌথ সমঝোতাগুলো বাস্তবায়নের ইতিবাচক অগ্রগতির কথা উল্লেখ করেন।

তিনি বিভিন্ন সময়ে, বিশেষ করে যুদ্ধের সময় এবং যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাজনিত পরিস্থিতিতে, ইরানের প্রতি রুশ সরকার ও জনগণের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, জাতিসংঘ এবং অন্যান্য আন্তর্জাতিক অঙ্গনে রাশিয়ার অবস্থান তেহরান ও মস্কোর সম্পর্কের বিশেষ প্রকৃতি তুলে ধরে। তাঁর মতে, এসব সমর্থন প্রমাণ করে যে দুই দেশের সম্পর্ক কোনো সাধারণ যোগাযোগ নয়; বরং এটি অভিন্ন স্বার্থ ও পারস্পরিক কল্যাণের ভিত্তিতে গড়ে ওঠা একটি কৌশলগত সম্পর্ক।

পেজেশকিয়ান সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনকে স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে অবস্থান নিতে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে বৃহত্তর ঐকমত্য তৈরির একটি নিদর্শন হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, বিশ্বের অন্যান্য দেশও আর স্বেচ্ছাচারিতার ভিত্তিতে আন্তর্জাতিক ব্যবস্থা পরিচালনা মেনে নিতে চায় না। কোনো দেশেরই অন্য দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করার কিংবা শক্তি প্রয়োগের মাধ্যমে নিজের লক্ষ্য অন্য দেশের ওপর চাপিয়ে দেওয়ার অধিকার নেই।

তেহরান ও মস্কোর সম্পর্কের গভীরতা ও আন্তরিকতার ওপর জোর দিয়ে ইরানের প্রেসিডেন্ট বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতা আন্তরিক ও গভীর এবং বিভিন্ন ক্ষেত্রে তাদের সম্পর্কের উন্নতি হয়েছে। ভবিষ্যতে এই সম্পর্ক আরও সম্প্রসারিত হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

অন্যদিকে, এ বৈঠকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দুই দেশের কৌশলগত অংশীদারত্ব বিকাশে ইরানের শহীদ বিপ্লবী নেতার ভূমিকা ও অবদান স্মরণ করে দ্বিপক্ষীয় সহযোগিতা অব্যাহত রাখা এবং আরও গভীর করার ব্যাপারে মস্কোর দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পুতিন বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের সময় তারা নিজেদের লক্ষ্য অর্জন করতে পারেনি। তিনি ইরানের জনগণের ঐক্য ও প্রতিরোধকে এসব লক্ষ্য ব্যর্থ হওয়ার অন্যতম প্রধান কারণ হিসেবে উল্লেখ করেন।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, মস্কো বহুবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করেছিল যে ইরানের বিরুদ্ধে সামরিক সমাধানের কোনো সফল সম্ভাবনা নেই। তিনি বলেন, ইরান একটি সমৃদ্ধ ও গভীর শিকড়সম্পন্ন সভ্যতা ও সংস্কৃতির দেশ এবং বর্তমানে তারা এই বাস্তবতা উপলব্ধি করছে।

পুতিন জোর দিয়ে বলেন, মস্কো তেহরানের সঙ্গে সব ক্ষেত্রে সম্পর্কের উন্নয়ন অব্যাহত রাখবে। তিনি বলেন, রাশিয়া ইরানের সঙ্গে সব ক্ষেত্রে যোগাযোগ ও সহযোগিতা অব্যাহত রাখবে এবং নিজেদের স্বার্থ রক্ষায় প্রতিরোধরত ইরানি জনগণের সঙ্গে রুশ জনগণ সংহতি প্রকাশ করছে।

দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি প্রসঙ্গে পুতিন আরও বলেন, রাশিয়া ও ইরানের সম্পর্ক সব ক্ষেত্রেই ধারাবাহিকভাবে উন্নত হচ্ছে।

বৈঠকের শেষ পর্যায়ে ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মুজতাবা খামেনেয়ির প্রতি তাঁর সালাম ও শ্রদ্ধা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান।#

পার্সটুডে/এমআরএইচ/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।