জ্বালানির দাম ৯.৯৯ ডলার! সিম্পসনসের ভিডিও শেয়ার করে কলিবফের ব্যঙ্গ
পার্সটুডে- ব্লুমবার্গের একটি খবরের প্রতিক্রিয়ায় জনপ্রিয় মার্কিন অ্যানিমেশন সিরিজ ‘দ্য সিম্পসনস’-এর একটি ভিডিও শেয়ার করেছেন ইরানের সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ।
ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সেদা ও সিমার বরাতে পার্সটুডে জানিয়েছে, যুক্তরাষ্ট্রের একটি জ্বালানি স্টেশনে প্রতি গ্যালন জ্বালানির দাম ৯.৯৯ ডলারে পৌঁছানোর বিষয়ে ব্লুমবার্গের প্রতিবেদন প্রকাশের পর কালিবাফ ওই ভিডিওটি শেয়ার করেন।
ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, ক্যালিফোর্নিয়ার সান দিয়েগোর একটি জ্বালানি স্টেশনে জ্বালানির দাম ৯.৯৯ ডলারে পৌঁছেছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, দাম এতটাই বেড়েছে যে স্টেশনের মূল্যতালিকায় এর চেয়ে বেশি সংখ্যা দেখানোর আর জায়গা নেই।
এর প্রতিক্রিয়ায় কলিবফ ‘দ্য সিম্পসনস’-এর একটি দৃশ্য শেয়ার করেন। ওই অ্যানিমেশন সিরিজের দৃশ্যটিতে যুক্তরাষ্ট্রে জ্বালানির দামের এমন ঐতিহাসিক ঊর্ধ্বগতির বিষয়টি আগেই দেখানো হয়েছিল। সেখানে জ্বালানির দাম দুই অঙ্কে পৌঁছে গেলে মূল্যতালিকায় তা দেখানোর জায়গা না থাকায় সিরিজটির প্রধান চরিত্র ব্যঙ্গ করে জ্বালানি বিনামূল্যে দেওয়ার কথা বলে।
‘দ্য সিম্পসনস’ বিশ্বের অন্যতম জনপ্রিয় অ্যানিমেশন সিরিজ। বিভিন্ন সময়ে ভবিষ্যতের নানা ঘটনা আগাম অনুমান বা দেখানোর জন্য সিরিজটি ব্যাপকভাবে আলোচিত হয়েছে।#
পার্সটুডে/এমবিএ/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।