যুক্তরাষ্ট্রের দাদাগিরির বিরুদ্ধে আইএইএ ও সদস্য দেশগুলোকে দাঁড়াতে হবে: কামালভান্দি
-
ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি
পার্সটুডে-ইরানের পরমাণু শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি বলেছেন, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) সাধারণ সম্মেলনে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামীকে অংশগ্রহণে বাধা দেওয়া সব দেশের জন্য একটি বিপজ্জনক নজির তৈরি করেছে।
তাই যুক্তরাষ্ট্রের দাদাগিরি ও রাজনৈতিক চাপের বিরুদ্ধে আইএইএ এবং সদস্য দেশগুলোকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।
পার্স টুডে’র বরাতে ইরনা জানায়, সোমবার কামালভান্দি বলেন, ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধানকে সাধারণ সম্মেলনে অংশ নিতে বাধা দেওয়ার ঘটনা এমন একটি নজির তৈরি করবে, যার প্রভাব সব দেশের ওপর পড়তে পারে। তাই এ ধরনের চাপ ও রাজনৈতিক দাদাগিরির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা জরুরি।
তিনি বলেন, মার্কিন সরকারের সাম্প্রতিক এই বিদ্বেষপূর্ণ পদক্ষেপকে শিশুসুলভ আচরণ ছাড়া আর কিছুই বলা যায় না।
কামালভান্দি আরও বলেন, যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক নিয়ম এবং বিশেষ করে আইএইএ-এর কার্যপ্রণালি মেনে চলতে বাধ্য করার দায়িত্ব সংস্থা ও সদস্য দেশগুলোর রয়েছে। বিভিন্ন দেশ ও এই আন্তর্জাতিক সংস্থার ওপর রাজনৈতিক চাপ কোনোভাবেই মেনে নেওয়া উচিত নয়।
এদিকে, আন্তর্জাতিক সংস্থাগুলোর স্বাগতিক দেশ হিসেবে অস্ট্রিয়ার দায়বদ্ধতার সঙ্গে সাংঘর্ষিকভাবে এবং যুক্তরাষ্ট্রের চাপের মুখে দেশটি মোহাম্মদ ইসলামীকে দেওয়া ভিসা বাতিল করে, ফলে আইএইএ-এর সাধারণ সম্মেলনে তাঁর অংশগ্রহণ বাধাগ্রস্ত হয়।
অন্যদিকে, ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থাগুলোতে নিযুক্ত রাশিয়ার স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানভ অস্ট্রিয়ার এই ভিসা বাতিলের ঘটনাকে আইএইএ-এর প্রতি দেশটির দায়বদ্ধতার লঙ্ঘন বলে অভিহিত করেছেন।
তিনি আরও বলেন, ইরানের বিরুদ্ধে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞা পুনর্বহালের ব্যবস্থা সক্রিয় করতে ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির প্রচেষ্টারও কোনো আইনি বৈধতা নেই।#
পার্সটুডে/এনএম/১৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।