'যেকোনো হুমকি মোকাবিলায় প্রস্তুত’: ইরানের সীমান্তে সেনাবাহিনীর সর্বোচ্চ সতর্কতা
https://parstoday.ir/bn/news/iran-i163268-'যেকোনো_হুমকি_মোকাবিলায়_প্রস্তুত’_ইরানের_সীমান্তে_সেনাবাহিনীর_সর্বোচ্চ_সতর্কতা
পার্সটুডে: ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার বলেছেন, সীমান্তবর্তী অঞ্চলে সেনাবাহিনীর ইউনিটগুলো নিয়মিত মোতায়েন ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রেখে যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবিলা এবং ইরানের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রস্তুত রয়েছে।
(last modified 2026-09-21T06:35:11+00:00 )
সেপ্টেম্বর ২১, ২০২৬ ১২:২৫ Asia/Dhaka
  • ইরানের স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহী
    ইরানের স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহী

পার্সটুডে: ইরানের ইসলামী প্রজাতন্ত্রের সেনাবাহিনীর স্থলবাহিনীর কমান্ডার বলেছেন, সীমান্তবর্তী অঞ্চলে সেনাবাহিনীর ইউনিটগুলো নিয়মিত মোতায়েন ও সর্বোচ্চ প্রস্তুতি বজায় রেখে যেকোনো সম্ভাব্য হুমকি মোকাবিলা এবং ইরানের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় প্রস্তুত রয়েছে।

ইরানের সরকারি বার্তা সংস্থা আইআরআইবির বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, ইরানের স্থলবাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলী জাহানশাহী বলেন, আগে থেকেই অনুভূত সম্ভাব্য হুমকির কথা বিবেচনায় নিয়ে ‘রমজান’ যুদ্ধ শুরুর আগেই স্থলবাহিনীর বিভিন্ন ইউনিটকে ইরানের বিভিন্ন সীমান্ত এলাকায় মোতায়েন করা হয়েছিল।

তিনি বলেন, স্থলবাহিনীর অধিকাংশ ইউনিট বর্তমানে ইরানের উত্তর-পশ্চিম, পশ্চিম, দক্ষিণ-পশ্চিম, পূর্ব, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব সীমান্তে, বিশেষ করে মাকরান উপকূলীয় অঞ্চলে মোতায়েন রয়েছে এবং তারা অত্যন্ত ভালো প্রস্তুতি নিয়ে অবস্থান করছে।

ব্রিগেডিয়ার জেনারেল জাহানশাহী আরও বলেন, বর্তমানে ইরানের সীমান্তগুলোতে স্থলবাহিনীর ইউনিটগুলো কার্যকরভাবে মোতায়েন রয়েছে এবং যেকোনো হুমকি মোকাবিলায় প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে। তার মতে, সীমান্তে এই উপস্থিতিই একটি প্রতিরোধমূলক সক্ষমতা তৈরি করেছে।

ইরানের স্থলবাহিনীর কমান্ডার বলেন, ইরানের সীমান্তে স্থলবাহিনীর ইউনিটগুলোর শক্তিশালী উপস্থিতির কারণে শত্রুরা ইরানের সীমান্তে কোনো সামরিক অভিযান বা হামলা চালানোর সাহস করছে না।

ব্রিগেডিয়ার জেনারেল জাহানশাহী জোর দিয়ে বলেন, দেশের সীমান্তগুলোতে সর্বোচ্চ প্রস্তুতি ও ধারাবাহিক উপস্থিতি বজায় রেখে ইরানের ইসলামী প্রজাতন্ত্রের নিরাপত্তা ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষার দায়িত্ব পালন করে যাচ্ছে স্থলবাহিনী।
 

পার্সটুডে/এমবিএ /২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।