ইরানের বিরুদ্ধে যে-কোনো আগ্রাসন দৃঢ়ভাবে মোকাবিলা করব: আরাকচি
https://parstoday.ir/bn/news/iran-i163472-ইরানের_বিরুদ্ধে_যে_কোনো_আগ্রাসন_দৃঢ়ভাবে_মোকাবিলা_করব_আরাকচি
পার্সটুডে-ইরানের পররাষ্ট্রমন্ত্রী 'সাইয়্যেদ আব্বাস আরাকচি' বলেছেন, যুক্তরাষ্ট্রের বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণে দেশটির সঙ্গে নতুন করে কূটনৈতিক আলোচনায় ফেরার বিষয়ে ইরানের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শান্তির জন্য কূটনীতির পথ খোলা রাখার কথাও তিনি উল্লেখ করেন।
(last modified 2026-09-28T09:11:02+00:00 )
সেপ্টেম্বর ২৮, ২০২৬ ১৫:০৭ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি

পার্সটুডে-ইরানের পররাষ্ট্রমন্ত্রী 'সাইয়্যেদ আব্বাস আরাকচি' বলেছেন, যুক্তরাষ্ট্রের বারবার প্রতিশ্রুতি ভঙ্গের কারণে দেশটির সঙ্গে নতুন করে কূটনৈতিক আলোচনায় ফেরার বিষয়ে ইরানের আস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে শান্তির জন্য কূটনীতির পথ খোলা রাখার কথাও তিনি উল্লেখ করেন।

মার্কিন টেলিভিশন নেটওয়ার্ক এনবিসি'র ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে আরাকচি বলেন, ২০২৫ সালে যুক্তরাষ্ট্র আলোচনার প্রস্তাব দিলে ইরান তা গ্রহণ করেছিল। কিন্তু আলোচনা চলাকালেই ইরানের ওপর হামলা চালানো হয়। ২০২৬ সালের ফেব্রুয়ারিতেও একইভাবে আলোচনার প্রস্তাব গ্রহণের পর আলোচনার মাঝপথে ইরানের ওপর হামলা করা হয়।

তিনি বলেন, যুদ্ধের পরও একটি চুক্তিতে পৌঁছানোর জন্য ইরান আলোচনায় সম্মত হয় এবং তিন মাস আলোচনা চালায়। কিন্তু যুক্তরাষ্ট্র নিজেই স্বাক্ষর করা চুক্তি মাত্র দুই সপ্তাহের মধ্যে লঙ্ঘন করে।

আরাকচি বলেন, 'ইরান এখনও শান্তি ও স্থিতিশীলতার পক্ষে এবং কূটনীতির মাধ্যমে সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছে।' তবে একই সঙ্গে যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলার জন্যও প্রস্তুত রয়েছে।

তিনি বলেন, 'আমরা যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ়ভাবে দাঁড়াব-এমনকি পরিস্থিতি যদি একটি সর্বাত্মক যুদ্ধের দিকেও গড়ায়।'

আরাকচির ভাষায়,'ইরান কূটনীতি ও যুদ্ধ-উভয় ক্ষেত্রেই সম্পূর্ণ প্রস্তুত।'

হরমুজ প্রণালি নিয়ে ইরানের প্রস্তাব প্রসঙ্গে তিনি বলেন, প্রণালি পুনরায় খুলে দেওয়ার জন্য একটি 'যৌক্তিক পরিকল্পনা' টেবিলে রয়েছে। যুক্তরাষ্ট্র যদি প্রকৃতপক্ষে চুক্তি চায়, তাহলে সাত দিনের কর্মপরিকল্পনার মাধ্যমে ষষ্ঠ দিনেই হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া সম্ভব।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ইরান কখনো কোনো চুক্তি লঙ্ঘন করেনি; বরং যুক্তরাষ্ট্রই কোনো যৌক্তিক কারণ ছাড়াই তার প্রতিশ্রুতি থেকে সরে গেছে। তাঁর দাবি, বর্তমান প্রস্তাব প্রত্যাখ্যান বা কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে তার দায় যুক্তরাষ্ট্রের ওপরই বর্তাবে।

তিনি বলেন, আলোচনায় অগ্রগতির পূর্বশর্ত হিসেবে 'আস্থা তৈরি, ইরানের অবরুদ্ধ সম্পদ মুক্ত করা এবং অর্থনৈতিক অবরোধের অবসান' জরুরি।#

পার্সটুডে/এনএম /২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।