ইরাক-ইরান বিমান চলাচল পুনরায় শুরু
-
ইরাক-ইরান বিমান চলাচল পুনরায় শুরু
পার্সটুডে-ইরাকি এয়ারওয়েজ নাজাফ ও ইরানের বিভিন্ন বিমানবন্দরের মধ্যে বাণিজ্যিক ফ্লাইট পুনরায় চালু করেছে। ইরাকের পক্ষ থেকে ওয়াশিংটনের সঙ্গে সরাসরি আলোচনা করে ইরানি এয়ারলাইনগুলোর ফ্লাইট-সংক্রান্ত মার্কিন নিষেধাজ্ঞার আওতা থেকে নির্দিষ্ট কিছু বিমান চলাচল সুবিধা অব্যাহতি নিশ্চিত করার পর এ সিদ্ধান্ত আসে।
ইরাকের সরকারি বার্তা সংস্থা জানায়, সোমবার রাতে ফ্লাইট চলাচল পুনরায় শুরু হয়। এর আগে মার্কিন ট্রেজারি বিভাগের সম্ভাব্য ‘সেকেন্ডারি স্যাংশন’ নিয়ে আশঙ্কায় নাজাফসহ ইরাকের চারটি বিমানবন্দর সাময়িকভাবে ইরানের সঙ্গে ফ্লাইট স্থগিত করেছিল।
ইরানি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জায়েদির উদ্যোগে দুই প্রতিবেশী দেশের মধ্যে স্বাভাবিক বিমান চলাচল পুনরুদ্ধারে তৎপরতা চালানো হয়।
ইরাকে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত ইয়াসের আবদুজ-জাহরা আল-হাজ্জাজ জানান, ইরাক সরকার সরাসরি ইরানি ফ্লাইট বন্ধের কোনো সিদ্ধান্ত নেয় নি। বরং মার্কিন নিষেধাজ্ঞার আশঙ্কায় বিদেশি গ্রাউন্ড-হ্যান্ডলিং কোম্পানিগুলো বিমানকে সেবা দিতে অনাগ্রহী হওয়ায় ফ্লাইট চলাচল ব্যাহত হয়েছিল।
এর আগে সোমবার ইরাকের বিভিন্ন শহরে ইরানগামী ও ইরান থেকে আসা সব ফ্লাইট স্থগিতের প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দর, নাসিরিয়াহ, কারবালা ও আমারা শহরে বিক্ষোভকারীরা প্রতিবাদ জানান।#
পার্সটুডে/এনএম/২৯
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।