জেনেভায় জাতিসংঘে ইরানের প্রতিনিধি: ইসরাইলি শাসক গোষ্ঠীর প্রতি সমর্থন বন্ধ করুন
-
জেনেভায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরাইনি
পার্সটুডে: জেনেভায় জাতিসংঘের দপ্তরে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলী বাহরাইনি বলেছেন, মানবাধিকার রক্ষায় নিজেদের অগ্রণী দাবিদার হিসেবে পরিচয় দেওয়া দেশগুলোর উচিত শাসক গোষ্ঠীর সুরক্ষা দেওয়া বন্ধ করা।
ইরানের জাতীয় সংবাদমাধ্যমর বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, আলী বাহরাইনি মঙ্গলবার রাতে জাতিসংঘের মানবাধিকার পরিষদের ৬৩তম অধিবেশনে দেওয়া বক্তব্যে এ কথা বলেন।
তিনি বলেন, ফিলিস্তিনে ইসরাইলি বসতি-সংক্রান্ত কর্মকাণ্ডে জড়িত কোম্পানিগুলো নিয়ে জাতিসংঘের মানবাধিকার দপ্তরের প্রকাশিত নতুন প্রতিবেদনটি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়েছি। তবে অপরাধীদের জবাবদিহির আওতায় আনার প্রক্রিয়া যেন কেবল অপরাধের তথ্য নথিভুক্ত করার মধ্যেই সীমাবদ্ধ না থাকে।
জেনেভায় জাতিসংঘের দপ্তর ও অন্যান্য আন্তর্জাতিক সংস্থায় ইসলামী প্রজাতন্ত্র ইরানের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আলী বাহরাইনি আরও বলেন, ইসরাইলের ‘গণহত্যার যন্ত্র’ এখনও থামেনি। তিনি ফিলিস্তিনি জনগণের বর্তমান পরিস্থিতিকে আজকের বিশ্বে জাতিগত নিপীড়নের অন্যতম ভয়াবহ উদাহরণ হিসেবে বর্ণনা করেন।
ফিলিস্তিনি নারী ও শিশুদের পরিস্থিতির কথা উল্লেখ করে ইরানের রাষ্ট্রদূত বলেন, ফিলিস্তিনিদের বিরুদ্ধে পরিচালিত নীতিগুলো ‘পদ্ধতিগত বৈষম্য’ ও ‘বর্ণবাদী ব্যবস্থা’র (আপার্টহাইড) উদাহরণ। তিনি জোর দিয়ে বলেন, এই ‘অপরাধমূলক কাঠামোর’ সঙ্গে যারা যুক্ত এবং ইসরাইলি সরকারের কাছ থেকে যাদের সমর্থন দেওয়া হচ্ছে, তাদের নিজেদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহির আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইউরোপের কিছু দেশের উচিত ইসরাইলি সরকারকে সমর্থন ও দায়মুক্তি দেওয়া বন্ধ করা এবং দ্বৈত মানদণ্ড প্রয়োগ না করে জবাবদিহির প্রক্রিয়াগুলোকে স্বাধীনভাবে কার্যকর হতে দেওয়া।#
পার্সটুডে/এমবিএ/৩০
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।