হরমুজের নিরাপত্তা রক্ষায় সশস্ত্র বাহিনীর প্রস্তুতি অক্ষুন্ন রাখতে হবে: ইরানের নৌ কমান্ডার
-
শাহরাম ইরানি
পার্সটুডে- ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনীর নৌ বিভাগের প্রধান রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির গুরুত্ব তুলে ধরে বলেছেন, এই গুরুত্বপূর্ণ জলপথের নিরাপত্তা এবং ইরানের জাতীয় স্বার্থ সুরক্ষার বিষয়টি প্রতিরক্ষা বাহিনীর দৃঢ় সংকল্প, সতর্কতা ও প্রস্তুতির ওপর নির্ভরশীল।
নৌবাহিনী দিবস উপলক্ষে এক বার্তায় তিনি বলেন, ইসলামী ইরানের জন্য সমুদ্র হলো গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থের ক্ষেত্র এবং জাতীয় নিরাপত্তা ও শক্তিমত্তা সুরক্ষার অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ। এই ক্ষেত্রের নিরাপত্তা রক্ষায় এমন মানুষ প্রয়োজন, যারা বিশ্বাস ও জ্ঞানকে সাহস ও প্রস্তুতির সঙ্গে সমন্বিত করেন এবং বিপদের মুহূর্তে বিনা দ্বিধায় মাঠে উপস্থিত হন।
বার্তায় আরও বলা হয়, পারস্য উপসাগরের বিশাল জলসীমায় বহু বছর ধরে দায়িত্ব পালন ও প্রচেষ্টার মাধ্যমে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর নৌ ইউনিট নিজস্ব সক্ষমতা ও জিহাদি চেতনার ওপর নির্ভর করে ইরানের জাতীয় স্বার্থ এবং কৌশলগত হরমুজ জলপথের নিরাপত্তা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।
বার্তায় বলা হয়, ‘রমজান যুদ্ধ’ ও ‘হরমুজ যুদ্ধে’ এই দায়িত্বের গুরুত্ব আরও বেড়ে যায়। সে সময় সমুদ্রযুদ্ধে দক্ষ যোদ্ধারা মার্কিন-ইসরায়েলি শত্রুর আগ্রাসনের মুখে সতর্কতা ও সাহসের সঙ্গে ইরানের ভূখণ্ড ও স্বার্থ রক্ষায় এগিয়ে আসেন। তারা আবারও দেখিয়ে দেন যে, এই কৌশলগত জলসীমার নিরাপত্তা ইসলামী ইরানের সাহসী যোদ্ধাদের দৃঢ় সংকল্প ও প্রস্তুতির ওপর নির্ভরশীল।#
পার্সটুডে/এসএ/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।