‘অবৈধ ইসরাইল মুসলিম বিশ্বের প্রধান শত্রু’
-
শামখানির সঙ্গে সাক্ষাৎ করছেন আতমার
মধ্যপ্রাচ্যের স্বাধীন দেশগুলোর সক্ষমতাকে ব্যর্থ করে দিতে কোনো কোনো দেশ যে অগঠনমূলক সামরিক জোট গঠন করেছে তার তীব্র নিন্দা জানিয়েছে তেহরান। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলী শামখানি আজ (শনিবার) তেহরান সফররত আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মাদ হানিফ আতমারের সঙ্গে এক বৈঠকে এ নিন্দা জানান।
আলী শামখানি বলেন, “মুসলিম দেশগুলোকে দুর্বল করে এমন যেকোনো পদক্ষেপ অন্যায়; কারণ এর ফলে ইহুদিবাদী ইসরাইল শক্তিশালী হবে। অবৈধ ও শিশু হত্যাকারী ইসরাইল হচ্ছে মুসলিম বিশ্বের প্রধান শত্রু।”
আফগানিস্তানের সাধারণ মানুষকে লক্ষ্য করে সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে শামখানি বলেন, সুনির্দিষ্ট কিছু দেশ মুসলিম দেশগুলোতে সাম্প্রদায়িক দাঙ্গা ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে দিচ্ছে। এসব দেশকে দুর্বল করে ফেলা হচ্ছে এ কাজে তাদের মূল লক্ষ্য।
ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব বলেন, ২০০১ সালে ইঙ্গোমার্কিন বাহিনী আফগানিস্তান দখল করার পর সেখানে যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছিল তা গত ১৫ বছর ধরে বহাল রয়েছে।সাক্ষাতে আফগানিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মোহাম্মাদ হানিফ আতমার আঞ্চলিক নানা সংকট সমাধানে ইরানের গঠনমূলক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, দেশে দেশে তৎপর উগ্র জঙ্গিবাদ নির্মূলের জন্য সব দেশের মধ্যে ঐক্য প্রয়োজন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৬