অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপ: বড় ব্যবধানে জিতল ইরান ও বাংলাদেশের মেয়েরা
-
ইরানের অনূর্ধ্ব-১৬ নারী ফুটবল দল
এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে সংযুক্ত আরব আমিরাতকে ৫-০ গোলে হারিয়েছে ইরানি মেয়েরা। একদিন আগে কিরগিজস্তানকে ৯-০ গোলে উড়িয়ে দেয়া ইরানি কিশোরিরা বেশ ফুরফুরে মেজাজ নিয়ে আমিরাতের বিপক্ষে খেলতে নামে।
বুধবার বিকেল ৩টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হয়। শুরু থেকেই ইরানি মেয়েরা আমিরাতের ওপর প্রভাব বিস্তার করতে থাকে। ম্যাচের ২৩তম মিনিটে প্রথম গোলটি করেন ইরানি ফরোয়ার্ড ফাতেমা কাসেমি। আগের খেলায় তিনি কিরগিজস্তানের বিপক্ষে একাই ৫ গোল করেছিলেন।
খেলার ২৫ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইরানি মিডফিল্ডার রোকাইয়া জালাল নাবাস। ৩৭ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ফাতেমা কাসেমি। এর ফলে বিরতির আগেই ৩-০ ব্যবধানে এগিয়ে যায় ইরান।
বিরতির পরও বেশ পরিচ্ছন্ন ও আক্রমণাত্মক খেলা উপহার দিয়েছে ইরানি কিশোরিরা। খেলার ৮৩তম মিনিটে আমিরাতের জালে বল ঠেকিয়ে হ্যাট্রিক করেন ফাতেমা কাসেমি। ম্যাচের অতিরিক্ত সময়ে ইরানের পক্ষে ৫ম গোলটি করেন মার্জিয়া ফেইজি।
এদিকে, দিনের দ্বিতীয় খেলায় কৃষ্ণা রানী সরকারের হ্যাটট্টিকে বাংলাদেশের কিশোরিরা কিরগিজস্তানকে ১০-০ গোলে হারিয়েছে। এটি টুর্নামেন্টে বাংলাদেশের টানা তৃতীয় জয়।
বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রথমার্ধের ২১ মিনিটে সানজিদার ক্রস থেকে অনুচিং মোগিনির গোলে ১-০ তে লিড পায় বাংলাদেশ। এরপর ৩০ মিনিটে বক্সের ভেতর থেকে ব্যবধান দ্বিগুণ করেন মার্জিয়া। মার্জিয়ার পরে ৪৩ মিনিটে দলপতি কৃষ্ণা রানী সরকার কিরগিজ জালে বল জড়ালে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় কোচ গোলাম রব্বারি ছোটনের শিষ্যরা। কৃষ্ণার পর প্রথমার্ধের অতিরিক্ত সময়ে অনুচিং দ্বিতীয়বারের মত জালে বল ঠেলে স্কোর লাইন নিয়ে যান ৪-০ তে। আর এমন বড় ব্যবধান নিয়েই বিরতিতে যায় স্বাগতিক বাংলাদেশ।
বিরতির পর আরও ক্ষুরধার খেলা উপহার দেয় লাল-সবুজের কিশোরিরা। ৪৮ মিনিটে কৃষ্ণা দ্বিতীয়বারের মত আঘাত হেনে দলকে এনে দেন ৫-০ গোলের ব্যবধান। কৃষ্ণার পর ৬৮ মিনিটে শামসুন্নাহার পেনাল্টি থেকে ৬-০ ব্যবধান এনে দিলে এই আসরের পেছনের দুই ম্যাচের গোল ব্যবধান ছাড়িয়ে যাবার আনন্দে ভাসে বাংলাদেশ। ৭৫ মিনিটে ফ্রিক থেকে নার্গিস প্রতিপক্ষের রক্ষণ ও গোলরক্ষককে বোকা বানালে ৭-০’র বিশাল ব্যবধান পায় স্বাগতিকরা।
এরপর ৮০ মিনিটে কৃষ্ণা তৃতীয়বারের মত জালে বল ঠেলে দলকে পৌঁছে দেন ৮-০ তে আর তুলে নেন টুর্নামেন্টে নিজের প্রথম হ্যাটট্টিক। কৃষ্ণার পর ৮৪ মিনিটে মারিয়া ও ৮৫ মিনিটে সামসুন্নাহারের গোলে ১০-০ এর গগনচুম্বি ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। এর মাধ্যমে ঢাকার মাঠে এই প্রথম বাংলাদেশের কোনো ফুটবল দল এত বড় ব্যবধানে কোনো বিদেশি দলের বিপক্ষে জয় তুলে নেয়ার রেকর্ড গড়ল।#
পার্সটুডে/এআর/১