এবার সিঙ্গাপুরকে ১১-০ গোলে উড়িয়ে দিল ইরানি মেয়েরা
এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের বাছাই পর্বে সিঙ্গাপুরকে ১১-০ গোলে উড়িয়ে দিয়েছে ইরান।
আজ (শনিবার) বেলা ১১টায় ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে খেলাটি শুরু হয়। শুরু থেকেই একের পর এক আক্রমণ চালিয়ে সিঙ্গাপুরের রক্ষণভাগকে তছনছ করে দেন ইরানি তরুণীরা। খেলার ১১ মিনিটের মাথায় প্রথম গোল করে এ আসরের সর্বোচ্চ স্কোরার ফাতেমা কাসেমি। ১৩ মিনিটে তিনি তার দ্বিতীয় গোলটি করেন। ১৫ মিনিটে সিঙ্গাপুরের জালে তৃতীয় গোলটি জড়ান ইরানি ফরোয়ার্ড মারইয়াম মোহাম্মাদি।
ম্যাচের ২২তম মিনিটে ইরানি মিডফিল্ডার রোকাইয়া জালাল নাসাব স্কোর লাইন নিয়ে যান ৪-০ তে। এর এক মিনিট পর আরেক মিডফিল্ডার ফাতেমা মাখদুমি দলকে এনে দেন ৫-০ গোলের ব্যবধান। প্রথমার্ধের ৩৯ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রোকাইয়া জালাল নাসাব।
ইরানের গোল উৎসবের দিন প্রথমার্ধের ৪২তম মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন ফাতেমা কাসেমি।
বিরতির পর ৬৯ এবং ৭১ মিনিটে পরপর দুটি গোল করে নিজের হ্যাট্রিক পূরণ করেন ফাতেমা মাখদুমি। সেইসঙ্গে দলকে পৌঁছে দেন ৮-০ তে। ৭৯ মিনিটে ইরানি অধিনায়ক হানিয়ে খোদাপারাস্তি সিঙ্গাপুরের জালে ৯ম গোলটি ঠেকান। খেলার ৮৪ মিনিটে নিজের চতুর্থ গোলটি ও দলের পক্ষে ১০ম গোলটি করে ফাতেমা মাখদুমি। মারজিয়া ফেইজি খেলার ৮৫ মিনিটে ইরানের পক্ষে শেষ গোলটি করে ১১-০ ব্যবধানে জয় নিশ্চিত করেন।
ইরানি মেয়েরা এর আগে আরব আমিরাতকে ৫-০ গোলে এবং কিরগিজস্তানকে ৯-০ গোলে উড়িয়ে দেয়। তবে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের কাছে ৩-০ গোলে হেরে যায়।#
পার্সটুডে/আশরাফুর রহমান/৩