ইরাক সীমান্তে ইরানের ইসলামি বিপ্লব-বিরোধী ১২ জঙ্গি নিহত
https://parstoday.ir/bn/news/iran-i19546-ইরাক_সীমান্তে_ইরানের_ইসলামি_বিপ্লব_বিরোধী_১২_জঙ্গি_নিহত
ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর হামলায় ইসলামি বিপ্লব-বিরোধী ১২ জঙ্গি নিহত হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরাক সীমান্তের কাছে ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের সারদাশত শহরে এসব জঙ্গি নিহত হয়।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ০৮, ২০১৬ ০৩:৪৩ Asia/Dhaka
  • ইরানের নিরাপত্তা বাহিনীর একদল সদস্য (ফাইল ছবি)
    ইরানের নিরাপত্তা বাহিনীর একদল সদস্য (ফাইল ছবি)

ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর হামলায় ইসলামি বিপ্লব-বিরোধী ১২ জঙ্গি নিহত হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, ইরাক সীমান্তের কাছে ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের সারদাশত শহরে এসব জঙ্গি নিহত হয়।

বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বাইরের কয়েকটি দেশের সহযোগিতায় ওই ১২ সশস্ত্র জঙ্গি ইরানের ভেতর নাশকতামূলক তৎপরতা চালাতে চেয়েছিল।

এর আগে সারদাশতের গভর্নর আজিজ হাসানি বার্তা সংস্থা ইরনাকে জানান, ইরানের সীমান্তরক্ষী বাহিনী মঙ্গলবার রাতে বিপ্লব-বিরোধী জঙ্গিদের সঙ্গে বন্দুকযুদ্ধে লিপ্ত হয়। কয়েক ঘন্টা স্থায়ী এ বন্দুকযুদ্ধ বুধবার সকাল পর্যন্ত চলে। হাসানি আরো জানান, সংঘর্ষে সীমান্তরক্ষী বাহিনীর কেউ হতাহত হয়নি এবং শহরে পূর্ণ নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়েছে।

সাম্প্রতিক সময়ে ইরানের নিরাপত্তা বাহিনী  সীমান্তবর্তী এলাকাগুলোর পাশাপাশি দেশের ভেতরেও জঙ্গি এবং সন্ত্রাসী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছে। জুলাই মাসে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি জানায়, তারা দু’টি সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূল করেছে। কুর্দিস্তান ও পশ্চিম আজারবাইজান প্রদেশে আলাদা অভিযানে ২৩ সন্ত্রাসীকে হত্যার মাধ্যমে ওই দুই গোষ্ঠীকে নির্মূল করা হয়েছে।

একই মাসে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানায়, রাজধানী তেহরানসহ দেশের আরো কিছু প্রদেশে বড় ধরনের সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাত করে দেয়া হয়েছে। এ ঘটনায় বহু তাকফিরি-ওয়াহাবি সন্ত্রাসীকে আটক করা হয়েছে। এর আগে জুন মাসে ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে অভিযান  চালিয়ে বহু তাকফিরি জঙ্গিকে হত্যা করে আইআরজিসি।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৮