মার্কিন নৌ-বিমান গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছিল ইরান!
-
মার্কিন নৌবাহিনীর ইপি-৩ এবং পি-৮ বিমান
গত সপ্তাহের শেষ দিকে মার্কিন নৌবাহিনীর ইপি-৩ এবং পি-৮ বিমানকে ইরান গুলি করে ভূপাতিত করার হুমকি দিয়েছিল বলে এক মার্কিন সামরিক কর্মকর্তা দাবি করেছেন। জঙ্গিবিমান দু'টি পারস্য উপসাগরের উত্তর অংশের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় তেহরান এ হুমকি দেয় বলে জানান তিনি।
আজ (মঙ্গলবার) মার্কিন সংবাদ মাধ্যম 'সিএনএন' জানিয়েছে, মার্কিন সামরিক বিমানগুলো আন্তর্জাতিক আকাশসীমা দিয়ে উড়ে যাচ্ছিল তবে সেগুলো ইরানের আকাশসীমার অত্যন্ত কাছ দিয়ে যাচ্ছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক ওই সামরিক কর্মকর্তা জানিয়েছেন, ইরানের আকাশসীমার ভেতর অনুপ্রবেশ না করতে দেশটির নৌবাহিনী হুঁশিয়ারি দিয়েছিল এবং এর ব্যত্যয় ঘটলে বিমানগুলোকে প্রয়োজনে ক্ষেপণাস্ত্র দিয়ে ভূপাতিত করার হুমকি দেন ইরানি নৌবাহিনীর কর্মকর্তারা। অবশ্য, কোনো রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে বিমানগুলো শেষ পর্যন্ত ইরানি আকাশসীমায় অনুপ্রবেশ করে নি বলে জানান ওই কর্মকর্তা।
গত (মঙ্গলবার) পেন্টাগনের মুখপাত্র ক্যাপ্টেন জেফ ডেভিস দাবি করেছিলেন, ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র দ্রুতগামী সাতটি স্পিডবোট মার্কিন রণতরী ইউএসএস ফায়ারবোল্টের দিকে এগিয়ে গিয়েছিল। এ ঘটনা চলতি মাসের ৪ তারিখে ঘটেছে এবং এ সময় স্পিডবোটগুলোর মেশিনগান উন্মুক্ত ছিল। তবে এসব মেশিনগান ফায়ারবোল্টের দিকে তাক করাও ছিল না বলে স্বীকার করেছিলেন তিনি।#
পার্সটুডে/বাবুল আখতার/১৩