ইরানের চতুর্থ পরমাণু বিদ্যুতকেন্দ্র হয়ত নির্মাণ করবে চীন: সালেহি
-
ইরানের বুশেহর পরমাণু বিদ্যুতকেন্দ্রের মডেল
ইরানের আণবিক শক্তি সংস্থা বা এইওআই'র প্রধান আলী আকবর সালেহি বলেছেন, ইরানের চতুর্থ পরমাণু বিদ্যুতকেন্দ্র হয়ত চীন নির্মাণ করবে। এটি নির্মাণের জন্য নতুন স্থান পরিদর্শন করেছে চীনের কয়েকটি কোম্পানি। তারা এটি নির্মাণে অর্থনৈতিক সহায়তার প্রস্তাবও দিয়েছে।
ওমান উপসাগরের তীরবর্তী ইরানের মাকারান অঞ্চলের কাছে নতুন কেন্দ্র নির্মাণের স্থান পরিদর্শন করা হয়েছেে। তবে এ নিয়ে এখনো চূড়ান্ত চুক্তি করা হয় নি বলে জানান তিনি।
তেল ও গ্যাসের ওপর নির্ভরতা কমাতে ২০টি পরমাণু বিদ্যুতকেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছে ইরান। এসব কেন্দ্র থেকে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। গত শনিবার ইরান নতুন দু’টি পরমাণু বিদ্যুতকেন্দ্র স্থাপনের কাজ শুরু করেছে। রাশিয়ার সহায়তায় এ দুই কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।
এদিকে, কোনো কোনো ইউরোপীয় দেশ এ প্রকল্পে অংশ নেয়ার জন্য ইরানের সঙ্গে প্রাথমিক আলোচনা শুরু করেছে। এ নিয়ে এখনো চূড়ান্ত চুক্তি হয় নি বলে জানান সালেহি। অবশ্য, ইউরোপীয় দেশগুলোর নাম প্রকাশ করেন নি তিনি।
জাপানের কিয়োদো সংবাদ সংস্থাকে সালেহি বলেন, এ খাতে জাপান প্রস্তাব দিলে তা বিবেচনার জন্য ইরান প্রস্তুত রয়েছে। তিনি বলেন, ইরান বা জাপান এখনো এ নিয়ে কোনো কথা বলে নি।
পার্সটুডে/মূসা রেজা/১৩