ইয়েমেনে অস্ত্র পাঠানোর সৌদি দাবি প্রত্যাখ্যান করল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i20551-ইয়েমেনে_অস্ত্র_পাঠানোর_সৌদি_দাবি_প্রত্যাখ্যান_করল_ইরান
ইরান ইয়েমেনে অস্ত্র পাঠাচ্ছে বলে সৌদি আরব যে দাবি করেছে তাকে ‘ভিত্তিহীন ও অপ্রমাণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে বলেছে, কোনো নিরপেক্ষ সংস্থা সৌদি আরবের এ দাবি প্রমাণ করতে পারবে না।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
সেপ্টেম্বর ১৯, ২০১৬ ০১:১৪ Asia/Dhaka
  • ইয়েমেনে সৌদি আরবের পাশবিক হামলা
    ইয়েমেনে সৌদি আরবের পাশবিক হামলা

ইরান ইয়েমেনে অস্ত্র পাঠাচ্ছে বলে সৌদি আরব যে দাবি করেছে তাকে ‘ভিত্তিহীন ও অপ্রমাণযোগ্য’ বলে প্রত্যাখ্যান করেছে তেহরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের স্থায়ী মিশন এক বিবৃতিতে বলেছে, কোনো নিরপেক্ষ সংস্থা সৌদি আরবের এ দাবি প্রমাণ করতে পারবে না।

সৌদি আরব গত ১৪ সেপ্টেম্বর জাতিসংঘ নিরাপত্তা পরিষদের কাছে লেখা এক চিঠিতে অভিযোগ করে, ইয়েমেনের হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের কাছে সমরাস্ত্র সরবরাহ করে জাতিসংঘের ২২১৬ নম্বর প্রস্তাব লঙ্ঘন করেছে ইরান।

এর প্রতিবাদে ইরানের স্থায়ী মিশনের বিবৃতিতে বলা হয়েছে, “সৌদি চিঠিতে অপ্রমাণযোগ্য দাবি করা হয়েছে। কারো পক্ষে এ দাবি প্রমাণ করা সম্ভব হবে না।”

রিয়াদ এমন সময় তেহরানের বিরুদ্ধে অভিযোগ করছে যখন সে নিজেই ইয়েমেনকে বিরাণভূমিতে পরিণত করেছে

ইরানের বিবৃতিতে আরো বলা হয়েছে, রিয়াদ এমন সময় তেহরানের বিরুদ্ধে এ দাবি করছে যখন সৌদি আরব গত দেড় বছরেরও বেশি সময় ধরে ইয়েমেনের জনগণের বিরুদ্ধে সর্বাত্মক অসম যুদ্ধ চালাচ্ছে যা সব ধরনের যুক্তি বিবর্জিত। দেশটির নিরস্ত্র নারী, শিশু ও সাধারণ জনগণের বিরুদ্ধে সৌদি আরবের এ মানবতা বিরোধী অপরাধ সবার চোখের সামনে ঘটছে যা অস্বীকার করার কোনো উপায় নেই।

ইরানের স্থায়ী মিশনের বিবৃতিতে আরো বলা হয়েছে, সৌদি আরব এমন সময় ইরানের বিরুদ্ধে ইয়েমেনে অস্ত্র পাঠানোর দাবি করছে যখন দেশটি নিজেই শত শত কোটি ডলারের অস্ত্র কিনে ইয়েমেনের নিরস্ত্র জনগণকে হত্যা করে যাচ্ছে।

২০১৫ সালের মার্চ মাস থেকে ইয়েমেনে সৌদি আগ্রাসনে অন্তত ১০,০০০ মানুষ নিহত হয়েছে। দেশটির পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদিকে ক্ষমতায় বসানো এবং জনপ্রিয় হুথি আনসারুল্লাহ যোদ্ধাদের পরাজিত করার লক্ষ্যে এ বর্বরোচিত আগ্রাসন চালাচ্ছে রিয়াদ।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯