‘সীমান্তে নজরদারি করা আইআরজিসি’র স্বাভাবিক দায়িত্ব’
-
ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র সেকেন্ড-ইন-কমান্ড ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন সালামি বলেছেন, সীমান্তে নজরদারি করা তার বাহিনীর স্বাভাবিক দায়িত্বেরই অংশ। অন্য দেশকে এর মাধ্যমে উসকানি দেয়ার কোনো উদ্দেশ্য ইরানের নেই।
আজ এক টেলিভিশন সাক্ষাৎকারে এ সব কথা বলেন জেনারেল সালামি। তিনি আরো বলেন, উন্মুক্ত সাগর এবং ইরানের পানিসীমার আশপাশে ইরানি বাহিনীর উপস্থিতি খুবই স্বাভাবিক বিষয়।
জেনারেল সালামি বলেন, উন্মুক্ত সাগর এবং ইরানের পানিসীমায় আইআরজিসি’র নজরদারির বিশদ বিবরণ এবং ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়। ইরানের সীমান্ত এবং পানিসীমায়ই যে প্রহরা দেয়া হচ্ছ তাই দেখানোর জন্য এটি করা হয়।
ইরানের এ ধরনের তৎপরতা মোটেও উসকানি নয় বরং সম্ভাব্য শক্রুদের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি চালানোর অধিকার আইআরজিসি’র আছে বলেও জানান তিনি।
ইরানের প্রতিরক্ষা সক্ষমতার কথা তুলে ধরতে গিয়ে আইআরজিসি’র সেকেন্ড-ইন-কমান্ড জানান, গত ৩৮ বছরে আমেরিকা এবং ইহুদিবাদী ইসরাইল অনেক দেশে আগ্রাসন চালিয়েছে, ১২টি যুদ্ধ বাঁধিয়েছে। কিন্তু যখনই ইরানের প্রসঙ্গ এসেছে তখনই অত্যন্ত সতর্কতার সঙ্গে পদক্ষেপ নিয়েছে তারা।
জেনারেল সালামি আরো বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা এমন এক স্থানে উপনীত হয়েছে যে, যেকোনো জায়গায় শত্রুর যেকোনো স্বার্থে আঘাত হানতে বা আঘাত হানার হুমকি দিতে পারে তেহরান।#
পার্সটুডে/মূসা রেজা/১৯