আমেরিকার সঙ্গে উত্তেজনা চায় না ইরান: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i21019-আমেরিকার_সঙ্গে_উত্তেজনা_চায়_না_ইরান_জারিফ
মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রায় চার দশকের কঠিন সময় পার করার পরও দেশটির সঙ্গে কোনো ধরনের উত্তেজনায় জড়াতে চায় না ইসলামি প্রজাতন্ত্র ইরান। নিউ ইয়র্ক-ভিত্তিক থিংক ট্যাংক ‘কাউন্সিল অন ফরেইন রিলেশন্স’কে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
সেপ্টেম্বর ২৪, ২০১৬ ০৬:২৭ Asia/Dhaka
  • আমেরিকার সঙ্গে উত্তেজনা চায় না ইরান: জারিফ

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে প্রায় চার দশকের কঠিন সময় পার করার পরও দেশটির সঙ্গে কোনো ধরনের উত্তেজনায় জড়াতে চায় না ইসলামি প্রজাতন্ত্র ইরান। নিউ ইয়র্ক-ভিত্তিক থিংক ট্যাংক ‘কাউন্সিল অন ফরেইন রিলেশন্স’কে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

আমেরিকার আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের এক বক্তব্য উদ্ধৃত করে প্রশ্ন করা হলে জারিফ এ মন্তব্য করেন। ট্রাম্প সম্প্রতি বলেছিলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে পারস্য উপসাগর থেকে ইরানি জাহাজগুলোকে গুলি করে বের করে দেবেন।

এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, “আমাদের সেনা ও নাবিকরা (পারস্য উপসাগরে) আমাদের উপকূল থেকে মাত্র কয়েক মাইল দূরে অবস্থান করছেন। অন্যদিকে সেখানে আমেরিকানদের উপস্থিতি তাদের উপকূল থেকে কয়েক হাজার কিলোমিটার দূরে। এরপরও যখন আমাদের নাবিকরা তাদেরকে এই বলে সতর্ক করে যে, ‘তোমরা আমাদের পানিসীমা ও সার্বভৌমত্বের কাছাকাছি চলে এসেছো’ তখন তারা ক্ষুব্ধ হয়।”

জাওয়াদ জারিফ পাল্টা প্রশ্ন করেন, “যদি কোনো ইরানি জাহাজ মেক্সিকো উপসাগরে মার্কিন পানিসীমার কাছে গিয়ে আমেরিকানদের বলে, তোমরা আমাদের জাহাজের কাছে চলে আসছো কেন? আমরা তো আন্তর্জাতিক পানিসীমায় অবস্থান করছি- তখন বিষয়টি কেমন হবে?” ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাজেই পারস্য উপসাগরে আপনারা আমাদের কাছাকাছি চলে এসেছেন; আমরা আপনাদের কাছে যাইনি।

সাক্ষাৎকারে ইরানের পরমাণু কর্মসূচি বাস্তবায়নে মার্কিন সরকারের অঙ্গীকার পূরণে ব্যর্থতার কথা উল্লেখ করে জারিফ বলেন, অতীতের যেকোনো সময়ের তুলনায় বর্তমানে ইরানের জনগণ আমেরিকাকে বেশি অবিশ্বাস করে। তিনি বলেন, পরমাণু সমঝোতার আগে ইরানের বেশিরভাগ মানুষ মনে করতো আমেরিকার সঙ্গে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা সম্ভব। কিন্তু আজ পরিস্থিতি সম্পূর্ণ উল্টে গেছে। ইরানি জনগণ এখন আর আমেকিকাকে বিশ্বাস করে না।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৪