মালয়েশিয়া থেকে থাইল্যান্ডে পৌঁছেছেন প্রেসিডেন্ট রুহানি
-
থাইল্যান্ডের প্রাকৃতিক সম্পদ ও পরিবেশমন্ত্রী এবং ব্যাংককে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বিমানবন্দরে প্রেসিডেন্টকে স্বাগত জানান
দক্ষিণ-পূর্ব এশিয়ার তিনটি দেশ সফরের শেষ পর্যায়ে মালয়েশিয়া থেকে থাইল্যান্ডে পৌঁছেছেন ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি। ব্যাংককের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার এবং এশিয়ার দেশগুলোর মধ্যে মহাদেশ-ভিত্তিক সহযোগিতার ভিত্তি তৈরি করার উপায় নিয়ে আলোচনা করার জন্য এ সফর করছেন তিনি।
শনিবার রাতে ব্যাংককে পৌঁছার আগে প্রেসিডেন্ট রুহানি মালয়েশিয়া ও ভিয়েতনাম সফর করে সেসব দেশের শীর্ষ নেতাদের সঙ্গে সাক্ষাৎ ও আলোচনা করেছেন। থাই রাজার উপদেষ্টা, দেশটির প্রাকৃতিক সম্পদ ও পরিবেশমন্ত্রী এবং ব্যাংককে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বিমানবন্দরে প্রেসিডেন্টকে স্বাগত জানান।

এ ছাড়া, থাইল্যান্ডের রীতি অনুযায়ী, আজ (রোববার) ভাইস প্রেসিডেন্টের প্রাসাদে প্রেসিডেন্ট রুহানিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হবে।
এ সফরে তিনি থাই প্রধানমন্ত্রী প্রাইয়ুত চান-ও-চা’র সঙ্গে সাক্ষাতের পাশাপাশি একটি আঞ্চলিক শীর্ষ সম্মেলনে অংশ নেবেন। সম্মেলনে এশিয়ার পাঁচটি অঞ্চল অর্থাৎ মধ্য এশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, পূর্ব এশিয়া এবং পশ্চিম এশিয়ার ৩৩ দেশের শীর্ষ নেতারা অংশ নেবেন। এশিয়া কো-অপারেশন ডায়লগ বা এসিডির দ্বিতীয় এ সম্মেলনে শনিবার ইরানের প্রেসিডেন্ট ভাষণ দেবেন বলে কথা রয়েছে।
আসিয়ান, সার্ক, পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ এবং ইউরাশিয়ান ইকনোমিক ইউনিয়নের মতো আঞ্চলিক সহযোগিতা সংস্থাগুলোর মধ্যে সংহতি বাড়াতে ২০০২ সালে এসিডি গঠিত হয়েছিল।

দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে প্রেসিডেন্ট রুহানির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফসহ আরো কয়েকজন মন্ত্রীর পাশাপাশি একটি শক্তিশালী বাণিজ্যিক প্রতিনিধিদল রয়েছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৯