সন্ত্রাস বিরোধী যুদ্ধে ইরাকের পাশে থাকবে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i23083-সন্ত্রাস_বিরোধী_যুদ্ধে_ইরাকের_পাশে_থাকবে_ইরান
ইরাকের রাজধানী বাগদাদে আশুরার শোকানুষ্ঠানে ভয়াবহ বোমা হামলার নিন্দা জানিয়ে ইরান বলেছে, উগ্র তাকফিরি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে বাগদাদের পাশে থাকবে তেহরান।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
অক্টোবর ১৬, ২০১৬ ০২:১৭ Asia/Dhaka
  • বাহরাম কাসেমি
    বাহরাম কাসেমি

ইরাকের রাজধানী বাগদাদে আশুরার শোকানুষ্ঠানে ভয়াবহ বোমা হামলার নিন্দা জানিয়ে ইরান বলেছে, উগ্র তাকফিরি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে বাগদাদের পাশে থাকবে তেহরান।

শনিবার উত্তর বাগদাদে শিয়া মুসলমানদের এক শোকানুষ্ঠানে আত্মঘাতী বোমা হামলা এবং আরো দু’টি স্থানে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ৫৩ জন নিহত ও শতাধিক লোক আহত হয়। উগ্র তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএল বা দায়েশ এসব পাশবিক হামলার দায়িত্ব স্বীকার করেছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, “সন্ত্রাসবাদ নির্মূল না হওয়া পর্যন্ত ইরাকের সরকার ও জনগণের পাশে থাকবে ইরান।”

বাগদাদের আশ-শাব এলাকায় একটি তাবুর নীচে শক্তিশালী আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটায় দায়েশ

তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে সব দেশের মধ্যে সহযোগিতা শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, উগ্র জঙ্গিবাদ দমনে আন্তর্জাতিক সমাজের উচিত ইরাকের পাশে দাঁড়ানো। ইরাকি জনগণের মধ্যে ঐক্য ও সংহতি বজায় থাকলে সন্ত্রাসবাদের মতো দুষ্ট ক্ষত মধ্যপ্রাচ্য থেকে মুছে যাবে বলেও কাসেমি আশা প্রকাশ করেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র শনিবারের জঙ্গি হামলায় নিহতদের পরিবারবর্গের প্রতি শোক ও সমবেদনা জানান।

উগ্র তাকফিরি জঙ্গি গোষ্ঠী দায়েশ ২০১৪ সালের মাঝামাঝি সময়ে ইরাকি জনগণের বিরুদ্ধে হত্যা ও ধ্বংসযজ্ঞ শুরু করে। তারা ওই বছরের জুন মাসে ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর দখল করে ওই নগরীকে তাদের কথিত রাজধানী বলে ঘোষণা করে। এদিকে, ইরাকের সেনাবাহিনী বর্তমানে মসুল নগরী মুক্ত করার লক্ষ্যে বড় ধরনের সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৬