‘প্রতিবেশী দেশগুলোর সার্বভৌমত্বকে সম্মান জানায় ইরান’
-
সংবাদ সম্মেলনে বাহরমা কাসেমি
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, প্রতিবেশী দেশগুলোর নিরাপত্তা, স্থিতিশীলতা ও সার্বভৌমত্বের প্রতি তেহরান সর্বোচ্চ সম্মান জানায়। ইসলামি শিক্ষা ও মানবিক মূল্যবোধের ওপর ভিত্তি করে ইরানের পররাষ্ট্রনীতি গড়ে উঠেছে বলে প্রতিবেশী মুসলিম দেশগুলোর প্রতি তেহরানের এ সম্মান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
বাহরাম কাসেমি বৃহস্পতিবার রাতে তেহরানে এক সংবাদ সম্মেলনে বলেন, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রনীতিতে সাম্প্রদায়িকতা, গোত্রীয় বিদ্বেষ কিংবা ধর্মীয় উত্তেজনাকে উস্কে দেয়ার মতো কোনো বিষয়ের কোনো স্থান নেই।”
ইরাকের জনগণের ওপর ইরানের ধর্মীয় প্রভাবের ব্যাপারে তুর্কি উপ-প্রধানমন্ত্রী নুমমান কুরতুলমুস যে উদ্বেগ প্রকাশ করেছেন সে ব্যাপারে প্রতিক্রিয়া জানাতে গিয়ে কাসেমি এ সংবাদ সম্মেলন আহ্বান করেন।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সাধারণ মানুষের ওপর তেহরানের যে আধ্যাত্মিক প্রভাব রয়েছে তাও প্রতিবেশী দেশগুলোর স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান ও সদিচ্ছা থেকে উৎসারিত। তবে এই বিষয়টি উপলব্ধি করা কোনো কোনো পর্যবেক্ষকের পক্ষে সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২১