অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের পরিণতি ভালো নয়: রুহানি
ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, মধ্যপ্রাচ্য জুড়ে চলমান সন্ত্রাস বিরোধী যুদ্ধে তার দেশ অত্যন্ত স্বচ্ছ অবস্থান নিয়েছে। তিনি আরো বলেছেন, অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপের পরিণতি ‘ভয়াবহ’ হয়।
ইরানের মধ্যাঞ্চলীয় প্রদেশ ‘মারকাজি’ সফর শেষে সোমবার এক সংবাদ সম্মেলনে এ সতর্কবাণী উচ্চারণ করে প্রেসিডেন্ট রুহানি। তিনি বলেন, ইরাক ও সিরিয়ায় চলমান জঙ্গিবাদ বিরোধী যুদ্ধে অংশগ্রহণ করতে হলে অবশ্যই বাগদাদ ও দামেস্কের অনুমতি নিতে হবে।
ড. রুহানি বলেন, আন্তর্জাতিক আইনেই একথা বলা আছে এবং এর ব্যতিক্রম কিছু ঘটলে নিরাপত্তা পরিস্থিতির অবনতি ছাড়া উন্নতি হবে না। মধ্যপ্রাচ্য বহু বছর ধরে সন্ত্রাসবাদে আক্রান্ত হয়ে থাকলেও পশ্চিমা দেশগুলো এই দুষ্টচক্রকে নির্মূলে আন্তরিক নয় বলে তিনি উল্লেখ করেন।
ইরানের প্রেসিডেন্ট বলেন, কিছু বড় শক্তি তাদের অশুভ লক্ষ্য চরিতার্থ করার জন্য সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে। অন্যদিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধের নামে এই অঞ্চল সমরাস্ত্র দিয়ে ভরে ফেললেও কাজের কাজ কিছুই করছে না তারা।
তিনি আঞ্চলিক দেশগুলিকেও অন্য দেশের সার্বভৌমত্বের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়ে বলেন, একটি দেশের বিনা অনুমতিতে তার সীমান্ত অতিক্রম করার পরিণতি ভয়াবহ হয়।
ইরানের প্রেসিডেন্ট এমন সময় এ বক্তব্য দিলেন যখন ইরাক সরকারের বিনা অনুমতিতে দেশটিতে সেনা পাঠিয়েছে তুরস্ক। ইরাকের উত্তরাঞ্চলীয় মসুল শহর উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশের হাত থেকে মুক্ত করার যে অভিযান দেশটির সেনাবাহিনী চালাচ্ছে তাতেও নিজেকে জড়িয়ে ফেলেছে আঙ্কারা। অথচ ইরাক সরকার বার বার মসুল অভিযান থেকে তুর্কি সেনাদের বিরত থাকার আহ্বান জানাচ্ছে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৫