মক্কায় ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ হাস্যকর: ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
ইয়েমেনে জনপ্রিয় হুথি যোদ্ধারা সৌদি আরবের পবিত্র মক্কা নগরীতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে সংযুক্ত আরব আমিরাত যে অভিযোগ করেছে তেহরান তাকে ‘হাস্যকর’ বলে উড়িয়ে দিয়েছে। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেছেন, “মক্কা মুকাররামায় ইয়েমেনিদের ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ ভিত্তিহীন ও হাস্যকর।”
ইসলামের পবিত্র বিষয় ও স্থাপনাগুলোকে নিজেদের অশুভ লক্ষ্য হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার না করতে তিনি সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের প্রতি আহ্বান জানান।
কাসেমি বলেন, আরব আমিরাত ও সৌদি আরবের প্রতি আমাদের পরামর্শ থাকবে তারা যেন ইসলামের পবিত্র স্থানগুলোকে রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নে হাতিয়ার না করে। সেইসঙ্গে রিয়াদ ও আবুধাবি যেন নিজেদের ব্যর্থতা ঢাকতে এ ধরনের কপট, বিভেদ সৃষ্টিকারী ও বিপদজনক প্রচারণা থেকে বিরত থাকে।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, যেসব ওহাবি ও রাজতান্ত্রিক ব্যক্তি নিজেদের সিংহাসন ধরে রাখার জন্য মুসলিম উম্মাহর পরিবর্তে আমেরিকা ও ইসরাইলের তাবেদারি করে, ইসলামের পবিত্র স্থাপনাগুলোর প্রতি তাদের চেয়ে ইয়েমেনিদের শ্রদ্ধা ও ভালোবাসা অনেক বেশি। ইয়েমেনিরা সৌদি নরঘাতকদের চেয়ে এসব পবিত্র স্থানকে অনেক বেশি সম্মান করতে জানে।”
সম্প্রতি ইয়েমেনি সেনাবাহিনী ও তাদের সহযোগী যোদ্ধারা সৌদি আরবের পশ্চিমাঞ্চলীয় বন্দরনগরী জেদ্দার কিং আব্দুলআজিজ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে বোরকান-১ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ইয়েমেনের নিরপরাধ মানুষের ওপর গত দেড় বছরের বর্বরোচিত সৌদি আগ্রাসনের জবাবে এ হামলা চালানো হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সৌদি সামরিক সূত্র জানিয়েছে, ১২.৫ মিটার লম্বা ক্ষেপণাস্ত্রটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে এবং এর ফলে জেদ্দা বিমানবন্দরের ব্যাপক ক্ষতি হয়।
সৌদি আরব পরে দাবি করে, ইয়েমেনি যোদ্ধারা পবিত্র মক্কা নগরী লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই দাবি তাৎক্ষণিকভাবে নাকচ করে দেয় ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসারুল্লাহ আন্দোলন। এ ছাড়া, সংযুক্ত আরব আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী শেখ আব্দুল্লাহ বিন জায়েদ এ ঘটনায় ইরানের হাত থাকার অভিযোগ করেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৯