‘ইয়েমেনের মানুষের বিরুদ্ধে মার্কিন অস্ত্রের ব্যবহার যুদ্ধাপরাধ ছাড়া আর কিছুই নয়’
ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনকে অস্ত্র সরবরাহের মার্কিন অভিযোগ নাকচ করেছে ইরান। মার্কিন নৌবাহিনীর সেন্ট্রাল কমান্ডের ভাইস অ্যাডমিরাল কেভিন ডানগান সম্প্রতি এ ভিত্তিহীন অভিযোগ করেছিলেন।
ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি এ অভিযোগ প্রত্যাখ্যান করেন। তিনি বলেন, সৌদি আরবের কাছে মার্কিন প্রাণঘাতী অস্ত্র বিক্রি যখন অব্যাহত রয়েছে তখন এ অভিযোগ করা হয়েছে।
তিনি বলেন, ইয়েমেনের স্কুল, হাসপাতাল, কারাগার এবং ঘরবাড়ির ওপর প্রতিদিনই মার্কিন প্রাণঘাতী বোমা এবং ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হচ্ছে। ইয়েমেনের বেসামরিক, অসহায় এবং নির্যাতিত মানুষদের ওপর এ হামলা হচ্ছে। ইয়েমেনের বেসামরিক মানুষের বিরুদ্ধে সৌদি আরবের মার্কিন অস্ত্র ব্যবহারকে তিনি যুদ্ধাপরাধ হিসেবে অভিহিত করেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য হিসেবে সৌদি আরব পুনরায় নির্বাচিত হওয়ারও নিন্দা জানান কাসেমি। ইয়েমেনে সৌদি হত্যাকাণ্ডের চেয়েও এটি বেশি নিন্দাযোগ্য বলে জানান তিনি।#
পার্সটুডে/মূসা রেজা/৩১