সব মার্কিন প্রেসিডেন্ট এক; পরিবর্তনের আশা করে না ইরান: বেলায়েতি
https://parstoday.ir/bn/news/iran-i25060-সব_মার্কিন_প্রেসিডেন্ট_এক_পরিবর্তনের_আশা_করে_না_ইরান_বেলায়েতি
আমেরিকায় প্রেসিডেন্ট পরিবর্তনের ফলে তেহরানের প্রতি ওয়াশিংটনের বিদ্বেষী নীতি ও আচরণে কোনো পবিবর্তন আসবে না। এ কথা বলেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবার বেলায়েতি।
(last modified 2026-07-21T05:57:31+00:00 )
নভেম্বর ০৭, ২০১৬ ১৫:১২ Asia/Dhaka
  • ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবার বেলায়েতি
    ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবার বেলায়েতি

আমেরিকায় প্রেসিডেন্ট পরিবর্তনের ফলে তেহরানের প্রতি ওয়াশিংটনের বিদ্বেষী নীতি ও আচরণে কোনো পবিবর্তন আসবে না। এ কথা বলেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবার বেলায়েতি।

১৯৭৯ সালে ইরানে ইসলামি বিপ্লবের পর থেকে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা নেতাদের প্রসঙ্গ উল্লেখ করে  তিনি বলেছেন, আমরা প্রেসিডেন্ট রিগ্যান, বুশ, ক্লিনটন এবং ওবামার শাসনামল দেখেছি। সবাই ইরানের প্রতি একই আচরণ করেছেন এবং এদের একজন অন্যজন থেকে আলাদা নন। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত এক সাক্ষাৎকার অনুষ্ঠানে এসব কথা বলেন সাবেক এই পররাষ্ট্রমন্ত্রী।

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিনটনের চারিত্রিক বৈশিষ্ট্যে বিভিন্ন দিকের প্রতি ইঙ্গিত করে বেলায়েতি বলেন, তারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ।

সর্বোচ্চ নেতার উপদেষ্টা বলেন, একজন আমেরিকার প্রকৃত চরিত্র তুলে ধরেছেন এবং অন্যজন মুখোশ পরে মার্কিন ভদ্রলোকি আচরণ করছেন। ট্রাম্পের প্রকৃত চরিত্র উন্মোচিত হয়ে পড়েছে এবং হিলারি মুখোশ পরে নিজের চরিত্রকে ঢেখে রেখেছেন।

সিরিয়া ইস্যুতে আমেরিকার সঙ্গে ইরানের আলোচনা করা উচিত কিনা-বেলায়েতিকে এ প্রশ্ন করা হলে তিনি তা নাকচ করে দেন। তিনি পাল্টা প্রশ্ন করেন, মার্কিনীরা কি সিরিয়ার জনগণের প্রতিনিধিত্ব করছে যে দেশটির জনগণের কি করা উচিত বা উচিত নয় তা ঠিক করে দেবে? এর পরিপ্রেক্ষিতে সিরিয়ার প্রেসিডেন্ট কে হবেন তার জন্য কি আমরা মার্কিনীদের সাথে কথা বলব?

ড. বেলায়েতি আরো প্রশ্ন করেন, কোন আইনের ভিত্তিতে মার্কিনীরা বলছে যে, প্রেসিডেন্ট বাশার আল- আসাদকে চলে যেতে হবে এবং তাদের পছন্দের লোক প্রেসিডেন্ট হবে?#

পার্সটুডে/বাবুল আখতার/৭