আইআরজিসি’র হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ৫ আরোহীর সবাই নিহত
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে পাঁচ আরোহীর সবাই নিহত হয়েছেন। ইরানের দক্ষিণাঞ্চলে কাস্পিয়ান সাগরে হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে।
আইআরজিসি’র মুখপাত্র ব্রিগেডিয়ার রামেজান শরীফ আজ(রোববার) জানিয়েছেন, আকাশে ওড়ার কিছু পরেই বিধ্বস্ত হয় সামরিক হেলিকপ্টার এআই-১৭। আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশনের হেলিকপ্টারটি খাজার অনুসন্ধান এবং উৎপাদন কোম্পানি বা কেসিপিও’কে দেয়া হয়েছিল। ইরানের উত্তরাঞ্চলীয় প্রদেশ মাজানদারানের আমিরাবাদ বন্দর থেকে ২০ কিলোমিটার দূরে অবস্থিত একটি ওয়েল রিগের উদ্দেশ্যে হেলিকপ্টারকে পাঠানো হয়েছিল।
হৃদরোগে আক্রান্ত কেসিপিসিও’র এক কর্মীকে আনার জন্য এটি পাঠানো হয়েছিল। কেসিপিও’র কর্মীসহ আইআরজিসির চার কর্মী দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
হেলিকপ্টারের ব্ল্যাকবক্স উদ্ধারের জন্য তল্লাসি চলছে উল্লেখ করে এ মুখপাত্র বলেন, দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।#
পার্সটুডে/মূসা রেজা/২৭