তেলের উৎপাদন কমাতে রাজি ওপেক: ইরানের বিজয়
-
সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানে
তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক প্রতিদিন তেলের উৎপাদন ১২ লাখ ব্যারেল কমাতে রাজি হয়েছে। গত কয়েক মাস ধরে বিষয়টি নিয়ে ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে আলোচনার পর গতকাল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এ সিদ্ধান্ত হয়।
তেলের উৎপাদন কমানোর বিষয়ে প্রতিদ্বন্দ্বী দেশগুলো যেমন একমত হয়েছে তেমনি মিত্ররাও একমত হয়েছে। তবে ইসলামি প্রজাতন্ত্র ইরানকে তেলের উৎপাদন কমাতে হবে না। ফলে ইরান একে নিজের বিজয় বলে মনে করছে। শুধু তাই নয়, ইরান বরং প্রতিদিন ৯০ হাজার ব্যারেল অপরিশোধিত তেলের উৎপাদন বাড়াতে পারবে। গত আট বছরের মধ্যে এই প্রথম এমন চুক্তি করতে সক্ষম হলো ওপেকভুক্ত দেশগুলো।
ওপেকভুক্ত দেশগুলোর তেল উৎপাদন কমানোর ফলে আন্তর্জাতিক বাজারে তেলের দাম কিছুটা বাড়বে বলে আশা করা হচ্ছে। এদিকে, তেল উৎপাদন কমানোর চুক্তিকে ইরানের তেলমন্ত্রী বিজান জাঙ্গানের শক্তিশালী কূটনীতির ফল বলে উল্লেখ করেছে ফারসি ভাষার পত্রিকা দৈনিক “ইরান”। আরমান-ই এমরুজ পত্রিকা লিখেছে, ইরানকে তেলের উৎপাদন কমানোর তালিকায় না রাখা দেশের তেল-কূটনীতির বিজয়। এর মাধ্যমে ইরান তেলের বাজারে তার অবস্থান পুনরুদ্ধার করবে।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/১