ইরানের নিরাপত্তাকে দুর্বল করতে চায় ইসরাইল এবং সৌদি: আইআরজিসি
-
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি\'র কমান্ডার মেজর জেনারেল আলী জাফারি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র কমান্ডার মেজর জেনারেল আলী জাফারি বলেছেন, ইরান তার অভ্যন্তরে এবং সীমান্তের বাইরে নিরাপত্তা নিশ্চিত করতে সক্ষম হয়েছে।
আজ (শনিবার) এক বক্তৃতায় তিনি বলেন, ইরান তার নিজের নিরাপত্তা দিতে ব্যর্থ- তা প্রমাণ করতে শত্রুরা ১৯৭৯ সালে ইসলামী বিপ্লবের পর থেকেই নানা অপচেষ্টায় লিপ্ত রয়েছে।
জেনারেল জাফারি বলেন, ইরান 'কার্যকরী' এবং 'সকলের নিকট গ্রহণযোগ্য' নিরাপত্তা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। ইসলামি বিপ্লবের পর তেহরানের এ অর্জন একটি বিরাট সাফল্য বলেও মন্তব্য করেন তিনি। আইআরজিসির কমান্ডার আরো বলেন, ইহুদিবাদী ইসরাইল এবং আলে সৌদ সরকার ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার জন্য নানা ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। এ অশুভ উদ্দেশ্য বাস্তবায়নের লক্ষ্যে তারা বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ এবং সম্পর্ক প্রতিষ্ঠার সব উপায় অবলম্বন করছে। তবে তাদের সব অপচেষ্টা ব্যর্থ করে দেয়া হয়েছে বলে জানান তিনি।
তিনি বলেন, বর্তমানে আমাদের নিরাপত্তা পরিধি সীমান্তের বাইরেও বিস্তৃতি লাভ করেছে। আইআরজিসির কমান্ডার তার বক্তব্যে সিরিয় সেনাবাহিনীকে সন্ত্রাস বিরোধী লড়াইয়ে ইরানের সফল সামরিক পরামর্শের কথাও উল্লেখ করেন। গত বৃহস্পতিবার সিরিয় সেনাবাহিনী বিদেশী মদদপুষ্ট সন্ত্রাসীদের কাছ থেকে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পো পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে।
আলেপ্পোতে সন্ত্রাসীদের এ পরাজয় শত্রুদের জন্য বিশেষ করে আমেরিকা এবং ইসরাইলের মিত্রদের একটি বিরাট বিপর্যয় বলেও মন্তব্য করেন জেনারেল জাফারি।#
পার্সটুডে/বাবুল আখতার/২৪