হত্যাকাণ্ড বন্ধ না হলে আরব স্বৈরশাসকদের পতন ঘটবে: আয়াতুল্লাহ কেরমানি
ইরানের প্রভাবশালী আলেম আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোভাহেদি কেরমানি এ অঞ্চলের মুসলিম জাতিগুলোর বিরুদ্ধে সৌদি আরবের আলে সৌদ ও বাহরাইনের আলে খলিফা সরকারের অব্যাহত দমন-পীড়ন ও হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, এ অবস্থা অব্যাহত নিঃসন্দেহে তাদের পতন ঘটবে। আজ তেহরানে জুমার নামাজের খুতবায় তিনি এ কথা বলেন।
আয়াতুল্লাহ মোহাম্মাদ আলী মোভাহেদি কেরমানি আরও বলেছেন, বাহরাইন, সিরিয়া ও ইয়েমেনে চলমান মানবিক বিপর্যয়ের জন্য আলে সৌদ ও আলে খলিফা সরকারের আগ্রাসন ও সহিংস কর্মকাণ্ড দায়ী।
তিনি বলেছেন, স্বৈরাচারি ও আগ্রাসী সরকারগুলোর এটা জেনে রাখা উচিৎ ইরাক ও সিরিয়াসহ এ অঞ্চলের মুসলিম দেশগুলোর বিরুদ্ধে যদি আগ্রাসন অব্যাহত থাকে এবং তারা যদি নিজেদের অবস্থানে পরিবর্তন না আনে তাহলে তাদের ধ্বংস অনিবার্য।
তেহরানের জুমার নামাজের খতিব আলেপ্পো শহর পুনরুদ্ধারের ঘটনায় শুভেচ্ছা জানিয়ে বলেছেন, সেখান থেকে সন্ত্রাসীদের বিতাড়নের ঘটনা কেবল সামরিক বিজয় নয় বরং এটি অন্যায় ও বাতিলের বিরুদ্ধে সত্যের বিজয়। এ ঘটনা পাশ্চাত্য ও রাজতন্ত্র শাসিত আরব দেশগুলোর জন্য বড় কেলেঙ্কারি হয়ে থাকবে বলে তিনি মন্তব্য করেন। #
পার্সটুডে/মোঃ রেজওয়ান হোসেন/৩০