ইরান সমঝোতা বাতিল করলে সংকট তৈরি হবে: সিনেটরের হুঁশিয়ারি
-
রিপাবলিকান সিনেটর কোরকার
ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে গেলে মারাত্মক সংকট তৈরি হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির প্রধান বব কোরকার।
রিপাবলিকান সিনেটর কোরকার শুক্রবার বলেছেন, আগামী ২০ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর ইরানের পরমাণু সমঝোতা ‘ছিঁড়ে ফেলা’র পরিবর্তে তাকে গুরুত্বের সঙ্গে ওই সমঝোতা বাস্তবায়নের কথা ভাবতে হবে।
নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ করে কোরকার বলেন, “আপনাকে যেকোনো একটি পথ বেছে নিতে হবে। আপনি দৃশ্যত এটি ছিঁড়ে ফেলে একটি সংকট তৈরি করতে পারেন। অথবা আপনাকে বুঝতে হবে বিশ্বব্যাপী এমনিতেই আমাদেরকে অনেক চ্যালেঞ্জের মোকাবিলা করতে হচ্ছে।”
তিনি আরো বলেন, “এর পরিবর্তে আপনার উচিত এই সমঝোতা সঠিকভাবে বাস্তবায়িত হওয়ার বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করা।”
এর আগে গত মঙ্গলবার বিশ্বের কয়েকজন শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানীসহ মার্কিন যুক্তরাষ্ট্রের ৩৭ শীর্ষ গবেষক ট্রাম্পের কাছে লেখা এক চিঠিতে ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা মেনে চলার আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘের পাঁচ স্থায়ী সদস্যদেশ ও জার্মানির সমন্বয়ে গঠিত ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ২০১৫ সালের জুলাই মাসে পরমাণু সমঝোতা সই করে ইরান। ২০১৬ সালের জানুয়ারি মাসে এটির বাস্তবায়ন শুরু হয়। কিন্তু গত নভেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের আগে প্রচারাভিযানের সময় ক্ষমতায় গেলে ইরান সমঝোতা বাতিল করে দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন ট্রাম্প।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৭