সিরিয়া ইস্যুতে রাশিয়া ও তুরস্কের সঙ্গে আলোচনা করল ইরান
-
বাম দিক থেকে মিখাইল বোগদানভ, হোসেইন জাবেরি আনসারি এবং আহমেত উনাল জেভিকজ
সিরিয়ার চলমান সংঘর্ষ অবসানের ব্যাপারে রাশিয়া ও তুরস্কের পদস্থ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেছেন ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন জাবেরি আনসারি। তিনি এ আলোচনার উদ্দেশ্যে শুক্রবার রাশিয়ার রাজধানী মস্কো পৌঁছান এবং সেখানে রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী মিখাইল বোগদানভের সঙ্গে সাক্ষাৎ করেন।
কাজাখস্তানের রাজধানী আস্তানায় চলতি মাসের শেষদিকে অনুষ্ঠিত হতে যাওয়া সিরিয়া বিষয়ক শান্তি আলোচনার সর্বশেষ পরিস্থিতি নিয়ে কথা বলেন তারা।
এ আলোচনা সম্পর্কে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, সিরিয়া পরিস্থিতিসহ অন্যান্য আঞ্চলিক সমস্যা নিয়ে তেহরান ও মস্কোর মধ্যে ঘনিষ্ঠ আলোচনা চালিয়ে যেতে সম্মত হয়েছেন দুই কূটনীতিক। এ ছাড়া, সিরিয়ার সব পক্ষকে নিয়ে সুইজারল্যান্ডের জেনেভায় আবার বৈঠক শুরু করা যায় কিনা তা নিয়েও কথা বলেছেন তারা।
ইরান ও রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রীদের দ্বিপক্ষীয় বৈঠক শেষ হওয়ার পর তাদের সঙ্গে যোগ দেন তুরস্কের উপ পররাষ্ট্রমন্ত্রী আহমেত উনাল জেভিকজ। তিন শীর্ষস্থানীয় কূটনীতিক আস্তানা বৈঠক অনুষ্ঠানের উপায় নিয়ে আলোচনা করেন। ইরান, তুরস্ক ও রাশিয়ার মধ্যস্থতায় অনুষ্ঠেয় আস্তানা বৈঠকে সিরিয়া সরকারের পাশাপাশি দেশটিতে তৎপর বিদেশি মদদপুষ্ট বিদ্রোহী গোষ্ঠীগুলো অংশ নেবে।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৪