ক্ষেপণাস্ত্র, রাডার নিয়ে গুরুত্বপূর্ণ মহড়ায় নামল আইআরজিসি
ইরানের বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র অ্যারোস্পেস ডিভিশন আজ(শনিবার) গুরুত্বপূর্ণ সামরিক মহড়া শুরু করেছে। ইরানের উত্তর-মধ্যাঞ্চলীয় প্রদেশ সেমনানে এ মহড়া শুরু হয়েছে।
পাঁচদিনের প্রস্তুতিমূলক অনুশীলন শেষে আজ থেকে ‘বেলায়েতের আকাশ রক্ষক’ নামের এ মহড়া পুরোপুরি শুরু হয়। ৩৫ হাজার কিলোমিটার এলাকা জুড়ে এ মহড়া চলছে। ইরানের সামরিক সক্ষমতা তুলে ধরা হবে। পাশাপাশি এ মহড়ার মাধ্যমে যে কোনো হুমকি মোকাবেলায় ইরানের গোয়েন্দা কমান্ড এবং প্রতিরক্ষা প্রস্তুতিও তুলে ধরা হবে।
ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি নানা পাল্লার ক্ষেপণাস্ত্র এবং রাডার ব্যবস্থা মহড়া চলাকালে সামরিক অনুশীলনে ব্যবহার করা হবে।
মহড়ায় অংশগ্রহণকারী একটি ক্ষেপণাস্ত্র ব্যবস্থা হলো ৩রা খোরদাদ। ৭৫ কিলোমিটার পাল্লার মধ্যে ৩০ কিলোমিটার উচ্চতায় আঘাত হানতে সক্ষম এ ক্ষেপণাস্ত্র একযোগে অনেক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। এ ছাড়া, ইলেক্ট্রনিক যুদ্ধ এবং অত্যাধুনিক প্রযুক্তির মোকাবেলা করতে সক্ষম এটি।
মহড়ার অন্য একটি ক্ষেপণাস্ত্রের নাম তাবাস। ৬০ কিলোমিটার পাল্লার এ ক্ষেপণাস্ত্র ৩০ কিলোমিটার উচ্চতায় আঘাত হানতে পারে। এটি সব ধরণের বৈরী লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে।
এ ছাড়া, ত্রিমাত্রিক ক্ষেপণাস্ত্র কাদির ১১০০ কিলোমিটার পাল্লার মধ্যে আকাশ পথের যে কোনো হুমকি শনাক্ত এবং তার পেছনে ধাওয়া করতে পারে।
মাতলা-উল-ফজর নামের রাডার ব্যবস্থা ৫০০ কিলোমিটার পাল্লার মধ্যে আকাশ পথের যে কোনো হুমকি শনাক্ত করতে পারে। এ ছাড়া, শনাক্ত করতে পারে নানা ধরণের বিমান এবং ড্রোন।#
পার্সটুডে/মূসা রেজা/৪