ইরানি নাগরিকদের জন্য ভিসা বাতিলের খবর অস্বীকার করল কুয়েত
https://parstoday.ir/bn/news/iran-i32389-ইরানি_নাগরিকদের_জন্য_ভিসা_বাতিলের_খবর_অস্বীকার_করল_কুয়েত
ইরানসহ পাঁচ মুসলিম দেশের নাগরিকদের জন্য কুয়েতের ভিসা বাতিলের খবর অস্বীকার করেছে দেশটি। তেহরানস্থ কুয়েত দূতাবাস শনিবার এক বিবৃতিতে প্রকাশ করে গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত খবর অস্বীকার করে।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০১৭ ০৬:০৯ Asia/Dhaka
  • তেহরানস্থ ইরান দূতাবাস
    তেহরানস্থ ইরান দূতাবাস

ইরানসহ পাঁচ মুসলিম দেশের নাগরিকদের জন্য কুয়েতের ভিসা বাতিলের খবর অস্বীকার করেছে দেশটি। তেহরানস্থ কুয়েত দূতাবাস শনিবার এক বিবৃতিতে প্রকাশ করে গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত খবর অস্বীকার করে।

বিবৃতিতে বলা হয়, ইসলামি প্রজাতন্ত্র ইরানসহ পাঁচ মুসলিম দেশের নাগরিকদের কুয়েত প্রবেশের ওপর নিষেধাজ্ঞার খবরের কোনো সত্যতা নেই।

সম্প্রতি কিছু গণমাধ্যম কুয়েত সরকারের পক্ষ থেকে এ ধরনের নিষেধাজ্ঞা আরোপের খবর দিয়েছিল।

কুয়েত দুতাবাসের বিবৃতিতে বলা হয়েছে, গণমাধ্যমে প্রকাশিত খবরে ‘বন্ধুপ্রতীম দেশ ইরান’সহ আরো যে চারটি দেশের নাম উল্লেখ করা হয়েছে সেসব দেশের নাগরিকদের ভিসা না দেয়ার কোনো সিদ্ধান্ত কুয়েত নেয়নি।

বিবৃতিতে আরো বলা হয়, কুয়েতে ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশের নাগরিকরা অত্যন্ত শান্তি ও নিরাপত্তার সঙ্গে বসবাস করছেন। তারা সেখানে সব ধরনের নাগরিক ও আইনি সুবিধা ভোগ করছেন। এ ছাড়া, তাদের আত্মীয়-স্বজনরা যখন খুশি এন্ট্রি ভিসা নিয়ে কুয়েতে প্রবেশ করছেন এবং নির্বিঘ্নে তাদের নিকটাত্মীয়র সঙ্গে দেখা করতে পারছেন।

গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত খবরে ইরানের পাশাপাশি আরো যে চারটি দেশের নাম উল্লেখ করা হয়েছিল সেগুলো হলো- পাকিস্তান, আফগানিস্তান, ইরাক ও সিরিয়া।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫