ব্রিটিশ বংশোদ্ভূত হামলাকারী সম্পর্কে আগেই জানত গোয়েন্দারা; নিন্দা জানাল ইরান
-
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
ব্রিটেনের পার্লামেন্টের বাইরে সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ (বৃহস্পতিবার) বলেছেন, সন্ত্রাসবাদ দমনে বিশ্বের সব দেশকে নিয়ে নিঃস্বার্থভাবে ব্যাপকভিত্তিক জোট গঠন করতে হবে।
তিনি বলেন, সন্ত্রাসবাদ দমনে অগ্রগামী একটি দেশ হিসেবে ইরান মনে করে যতদিন পর্যন্ত সন্ত্রাস দমনের বিষয়ে লোক দেখানো অকার্যকর জোট গঠনের প্রবণতা অব্যাহত থাকবে এবং দ্বিমুখী নীতি অনুসরণ করা হবে ততদিন পর্যন্ত বিশ্বের কোনো দেশই সন্ত্রাসবাদের কবল থেকে মুক্ত হতে পারবে না।
বাহরাম কাসেমি আরও বলেন, সন্ত্রাসবাদ কোনো ভৌগোলিক সীমানা মানে না। এর শেকড় উপড়ে ফেলতে তাকফিরি চিন্তা ও মতবাদের প্রতি বৈষয়িক ও আত্মিক সর্মথন বন্ধ করতে হবে এবং সামরিক সরঞ্জাম সরবরাহ লাইন ধ্বংস করতে হবে।
ব্রিটেনের পার্লামেন্টের বাইরে গতকাল বুধবার রক্তক্ষয়ী হামলায় ওই হামলাকারীসহ চারজন নিহত হন। আহত ব্যক্তিদের মধ্যে ২৯ জন চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে সাতজনের অবস্থা গুরুতর। এ ঘটনায় আট ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে এক বিবৃতিতে বলেছেন, ব্রিটেনের পার্লামেন্টের বাইরে হামলাকারী ব্যক্তি ব্রিটিশ বংশোদ্ভূত। তার সম্পর্কে আগে থেকেই জানত ব্রিটিশ পুলিশ ও গোয়েন্দারা। কয়েক বছর আগে সহিংস সন্ত্রাসবাদের কারণে তার বিরুদ্ধে তদন্ত হয়েছিল। তবে ইদানিং তিনি গোয়েন্দা নজরদারিতে ছিলেন না।
তিনি আরও বলেন, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই হামলায় আহত ১২ জন ব্রিটিশ নাগরিক। এ ছাড়া তিন সন্তান নিয়ে ফ্রান্সের একজন নাগরিক, রোমানিয়ার দুজন, দক্ষিণ কোরিয়ার চারজন, জার্মানির একজন, পোল্যান্ডের একজন, আয়ারল্যান্ডের একজন, চীনের একজন, ইতালির একজন, মার্কিন একজন ও গ্রিসের দুজন নাগরিক রয়েছেন।#
পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩