আইআরজিসি'কে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রে সজ্জিত করা হয়েছে: দেহকান
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি'র নৌ ইউনিটকে জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র দেয়া হয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন দেহকান। এর মাধ্যমে আইআরজিসি শত্রুদের সম্ভাব্য আগ্রাসনের বিরুদ্ধে উপযুক্ত জবাব দেয়ার সক্ষমতা অর্জন করবে বলে জানান তিনি।
আজ (শনিবার) প্রতিরক্ষামন্ত্রী দেহকান এবং আইআরজিসির নৌ ইউনিটের কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলী ফাদাভির উপস্থিতিতে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বিপুল পরিমাণ জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র 'নাসির' এ বাহিনীর নৌ ইউনিটের কাছে হস্তান্তর করা হয়েছে।
দেহকান বলেন, জাহাজ বিধ্বংসী এ ক্ষেপণাস্ত্র ভূমি কিংবা সাগর থেকে শত্রুর লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। তিনি আরো বলেন, ‘নাসির’ ক্ষেপণাস্ত্র দ্রুতগামী স্পিডবোট থেকে অত্যন্ত নিখুঁতভাবে অতি কম সময়ের ব্যবধানে শত্রু বাহিনীর বিরুদ্ধে আঘাত হানতে সক্ষম।
দেহকান আরো বলেন, আইআরজিসির নৌ ইউনিটকে ক্ষেপণাস্ত্র প্রযুক্তির মাধ্যমে সজ্জিত করার ফলে ইরানের সামরিক সক্ষমতা এবং প্রতিরোধ ক্ষমতা আরো বেড়ে ক্ষেত্রে ইতিবাচক ভূমিকা পালন করবে।
দেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর লক্ষ্যেই ইরানের সামরিক বাহিনীকে এই ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য অত্যাধুনিক অস্ত্র দিয়ে সজ্জিত করা হচ্ছে– উল্লেখ করে ব্রিগেডিয়ার জেনারেল দেহকান বলেন, শত্রুদের যেকোনো আগ্রাসন রুখে দিতে এবং এ অঞ্চলে শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তাকে সুরক্ষা দিতে এসব অস্ত্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।#
পার্সটুডে/বাবুল আখতার/২২