সিরিয়ায় আরো সামরিক উপদেষ্টা পাঠাবে ইরান: আইআরজিসি
-
ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর
উগ্র তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়ার সরকার ও জনগণকে সহযোগিতা করার লক্ষ্যে দেশটিতে আরো সামরিক উপদেষ্টা পাঠাবে ইরান। এ খবর জানিয়েছেন ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র পদাতিক বাহিনীর কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ পাকপুর।
তিনি বার্তা সংস্থা ফার্স নিউজকে এ খবর জানিয়ে বলেন, “সন্ত্রাস বিরোধী প্রতিরোধ ফ্রন্টে যাতে ফাটল না ধরে সেজন্য আমরা সিরিয়ায় আরো উপদেষ্টা পাঠাব এবং সম্ভাব্য সব রকম সহযোগিতা করব।” সিরিয়ায় যতক্ষণ প্রয়োজন হবে ততক্ষণ উপদেষ্টা পাঠানো অব্যাহত থাকবে বলেও তিনি উল্লেখ করেন।
জেনারেল পাকপুর সিরিয়ার ইসরাইল বিরোধী শক্ত অবস্থানের কথা উল্লেখ করে বলেন, যে দেশটি ইসরাইল বিরোধী প্রতিরোধ সংগ্রামের ফ্রন্টলাইনে রয়েছে সেটিকে ধ্বংস করে দেয়ার ষড়যন্ত্র সফল হতে দেবে না ইরান।
আইআরজিসি’র এই কমান্ডার বলেন, সিরিয়ার সেনাবাহিনী ও প্রতিরোধ ফ্রন্টকে সহযোগিতা করার জন্য দেশটিতে সামরিক উপদেষ্টা পাঠিয়েছে ইরান। এক্ষেত্রে সিরিয়ার সেনাবাহিনীর সঙ্গে আইআরজিসি’র চমৎকার বোঝাপড়া রয়েছে বলেও উল্লেখ করেন জেনারেল পাকপুর।
তিনি সিরিয়া সংকট সৃষ্টির কথা উল্লেখ করে বলেন, আমেরিকা, সৌদি আরব ও তুরস্কসহ আরো কিছু দেশ সিরিয়াকে ধ্বংস করে ইসরাইল বিরোধী প্রতিরোধ ফ্রন্ট তছনছ করে দেয়ার লক্ষ্যে এই সংকট সৃষ্টি করেছে।
ইসরাইলের সীমান্তে অবস্থিত গুরুত্বপূর্ণ দেশ সিরিয়াকে মার্কিন চাপের কাছে নতি স্বীকার না করার জন্য মূল্য দিতে হচ্ছে বলে উল্লেখ করেন জেনারেল পাকপুর। তিনি বলেন, তেহরানের সঙ্গে সমন্বয় বজায় রেখে কাজ করছে দামেস্ক। ইরান যে দখলদার ইসরাইল বিরোধী প্রতিরোধ ফ্রন্টের প্রধান সমর্থক তা বিশ্ববাসী জানে বলেও উল্লেখ করেন আইআরজিসি’র পদাতিক বাহিনীর কমান্ডার।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩