সুনির্দিষ্ট সংলাপে বসুন: কাতার-সৌদির প্রতি ইরান
-
ইরানের পাররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি
কাতার ও পারস্য উপসাগরীয় সহযোগিতা পরিষদ বা পিজিসিসি’র সদস্য দেশগুলোর মধ্যে চলমান সংকট কূটনৈতিক উপায়ে এবং পরিপূর্ণ সংলাপের মাধ্যমে সমাধানের আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।
কাতারের সঙ্গে সোমবার সৌদি আরব ও আরো তিনটি আরব দেশ সব ধরনের সম্পর্ক ছিন্ন করার পর এ আহ্বান জানাল ইরান। কাতারের সঙ্গে প্রথমে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর সম্পর্ক ছিন্ন করলেও পরে তাতে যোগ দেয় লিবিয়া ও মালদ্বীপ। এছাড়া, ইয়েমেনের সৌদিপন্থি পলাতক প্রেসিডেন্ট আব্দ রাব্বু মানসুর হাদির সরকারও কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছে।
এ সম্পর্কে ইরানের পাররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি বলেন, চলমান সংকটসহ আঞ্চলিক সব দ্বন্দ্ব সংলাপের মাধ্যমে শান্তিপূর্ণ কূটনৈতিক পন্থায় সমাধান করা উচিত। তিনি বলেন, বিশেষ করে যখন আঞ্চলিক ও আন্তর্জাতিক সমাজ সন্ত্রাসবাদ ও উগ্রবাদের থাবায় ক্ষতবিক্ষত এবং ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্ব অব্যাহত রয়েছে তখন প্রতিবেশী দেশগুলোর মধ্যে উত্তেজনা কোনো ভালো ফল বয়ে আনবে না। এ অবস্থায় তিনি পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলের দেশগুলোকে ধৈর্য ধরে বিচক্ষণতার সঙ্গে সমস্যা সমাধানের আহ্বান জানান।
বাহরাম কাসেমি বলেন, বর্তমান আন্তঃসম্পর্কের যুগে নিষেধাজ্ঞাকে অস্ত্র হিসেবে ব্যবহার করা খুব বেশি একটা উপযোগী বিষয় নয় এবং এটা গ্রহণযোগ্যও না।#
পার্সটুডে/সিরাজুল ইসলাম/৫