তেহরানে সন্ত্রাসী হামলার ঘটনায় ট্রাম্পের মন্তব্য অরুচিকর: জারিফ
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ
তেহরানে সন্ত্রাসী হামলার ঘটনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যকে 'অরুচিকর' হিসেবে আখ্যায়িত করে এর নিন্দা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। গতকালের সন্ত্রাসী হামলার নিন্দা জানানোর পরিবর্তে উল্টো ইসলামি প্রজাতন্ত্র ইরানকে সন্ত্রাসবাদে সমর্থন দেয়ার দায়ে অভিযুক্ত করেছেন ট্রাম্প।
আজ (বৃহস্পতিবার) জারিফ তার টুইট বার্তায় বলেন, ইরানের জনগণ যেখানে আমেরিকার আঞ্চলিক মিত্রদেশগুলোর মদদপুষ্ট সন্ত্রাসীদেরকে মোকাবেলা করছে সেখানে হোয়াইট হাউস ইরান বিষয়ে অরুচিকর বিবৃতি দিচ্ছে এবং একই সাথে মার্কিন সিনেট তেহরানের ওপর নানা নিষেধাজ্ঞা আরোপ করছে। ইরানের জনগণ ওয়াশিংটনের এসব লোকদেখানো বন্ধুত্ব প্রত্যাখান করে বলেও উল্লেখ করেন জারিফ।
গতকাল বুধবার দু'টি পৃথকস্থানে সন্ত্রাসী হামলার পর ট্রাম্প বিতর্কিত মন্তব্য করেন। একদিকে তিনি ইরানি জনগণের প্রতি লোকদেখানো সহানুভূতি জানান। কিন্তু সেইসঙ্গে দায়েশের বর্বরোচিত হামলার শিকার জনগণকে উল্টো দায়ী করেছেন। তিনি তার ভাষায় বলেন, ইরান নিজের হাতে ছড়িয়ে দেয়া সন্ত্রাসবাদের শিকার হয়েছে। সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক রাষ্ট্রগুলো সন্ত্রাসবাদের শিকার হয় বলেও দাবি করেন ট্রাম্প।#
পার্সটুডে/বাবুল আখতার/৮