কাতারকে সমুদ্রবন্দর ব্যবহারের প্রস্তাব দিয়েছে ইরান
https://parstoday.ir/bn/news/iran-i39758-কাতারকে_সমুদ্রবন্দর_ব্যবহারের_প্রস্তাব_দিয়েছে_ইরান
ইরানের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রবন্দর ব্যবহার করার জন্য কাতারকে প্রস্তাব দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। পারস্য উপসাগরীয় এ দেশটির সঙ্গে সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্র সব ধরনের সম্পর্ক ছিন্ন করে একঘরে করার পর দোহার আমদানি কার্যক্রম ঠিক রাখার জন্য ইরান এ প্রস্তাব দিল।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
জুন ০৯, ২০১৭ ০৮:৫৩ Asia/Dhaka
  • ইরানের সমুদ্রবন্দর
    ইরানের সমুদ্রবন্দর

ইরানের দক্ষিণাঞ্চলীয় সমুদ্রবন্দর ব্যবহার করার জন্য কাতারকে প্রস্তাব দিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান। পারস্য উপসাগরীয় এ দেশটির সঙ্গে সৌদি আরব ও তার কয়েকটি আরব মিত্র সব ধরনের সম্পর্ক ছিন্ন করে একঘরে করার পর দোহার আমদানি কার্যক্রম ঠিক রাখার জন্য ইরান এ প্রস্তাব দিল।

ইরানের এ প্রস্তাবের কথা জানিয়েছেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আবদুর রহমান আলে সানি। তার বরাত দিয়ে ফিন্যান্সিয়াল টাইমস এক খবরে বলেছে, ইরান তার তিনটি বন্দর ব্যবহারের জন্য কাতারকে প্রস্তাব দিয়েছে। ইরানের এসব বন্দর ব্যবহার করলে কাতার সব ধরনের পণ্য আমদানি করতে সক্ষম হবে।

কাতারের বিরুদ্ধে কার্যত অবরোধ আরোপ নিয়ে দুঃখ প্রকাশ করে আবদুর রহমান আলে সানি বলেন- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিশর সম্মিলিতভাবে দোহাকে শাস্তির মুখে ফেলেছে। তিনি বলেন, “সফল ও প্রগতিশীল বলে আজ আমরা মূলত বিচ্ছিন্ন হয়ে গেছি। তবে আমরা সন্ত্রাসবাদী নই বরং শান্তির প্লাটফরম।”#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/৯