তেহরানের জোড়া হামলায় জড়িত আরো ৮ ব্যক্তি আটক
তেহরানের জোড়া হামলায় জড়িত থাকার দায়ে আলবোর্জ প্রদেশে থেকে আরো আট ব্যক্তিকে আটক করা হয়েছে। এ ছাড়া, পৃথক ভাবে তেহরানে উপকণ্ঠ থেকে আজ(শনিবার) সকালে একটি সন্ত্রাসী গোষ্ঠীর কয়েক ব্যক্তিকে শনাক্ত এবং গ্রেফতার করা হয়েছে।
ইরানের আলবোর্জ প্রদেশের বিচার বিভাগের কর্মকর্তা আহমেদ ফাজেলিয়ান আজ(শনিবার) জানিয়েছেন, আটক আট ব্যক্তি তেহরানের জোড়া হামলার সঙ্গে জড়িত পাঁচ ব্যক্তিকে সমর্থন দিয়েছিল। এদের মধ্যে সাত ব্যক্তিকে দক্ষিণাঞ্চলীয় আলবোর্জের ফারদিস থেকে এবং একজনকে এ প্রদেশের রাজধানী কারাজ থেকে আটক করা হয়েছে।
এদিকে, পৃথক বিবৃতিতে ইরানের পুলিশ প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হোসেইন আশাতারি জানিয়েছেন, একটি সন্ত্রাসী দলের আট সদস্যকে শনাক্ত এবং তাদের গ্রেফতার করা হয়েছে। তেহরানের উপকণ্ঠ থেকে আজ সকালে তাদের গ্রেফতার করা হয়। শনাক্ত ও গ্রেফতারের কাজে ইরানের জনগণ ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর সহযোগিতার ভূয়সী প্রশংসা করেন তিনি।
বুধবারে তেহরানে চালানো জোড়া সন্ত্রাসী হামলার ঘটনায় অন্তত ১৭ জন শহীদ এবং প্রায় ৫০ জন আহত হয়েছেন। হামলায় জড়িত পাঁচ সন্ত্রাসীর সবাই নিহত হয়েছে। এর আগে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় সন্ত্রাসীগোষ্ঠী ওয়াহাবি দায়েশের ৪১ ব্যক্তিকে আটকের ঘোষণা দিয়েছিল।#
পার্সটুডে/মূসা রেজা/১০