ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞার জবাব হবে কঠোর: লারিজানি
-
ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি
মার্কিন সিনেটের পক্ষ থেকে ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করা হলে এর বিরুদ্ধে তার দেশের সংসদ অত্যন্ত কঠোর এবং স্পষ্ট জবাব দেবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি।
ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের বিরুদ্ধে অবিলম্বে পাল্টা প্রতিশোধমূলক ব্যবস্থা নিতে সংসদের জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতি নীতি বিষয়ক কমিটির প্রতি নির্দেশ দেয়ার সময় লারিজানি এসব মন্তব্য করেন।
ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করার লক্ষ্যে গত বুধবার মার্কিন সিনেটের বেশিরভাগ সদস্য একটি বিলের পক্ষে ভোট দেয়। একই দিনে তেহরানে সন্ত্রাসী হামলায় অন্তত ১৭ ব্যক্তি নিহত হয়।
শীর্ষস্থানীয় একজন মার্কিন সিনেটর বলেছেন, ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ নিতে আগামী সপ্তাহে সিনেটে ভোটাভুটি হবে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচী, প্রতিরোধকামী আন্দোলনের প্রতি সমর্থন এবং কথিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তোলে মার্কিন সিনেট তেহরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের চেষ্টা করছে। বিলটি আইনে পরিণত করতে হলে রিপাবলিকান নেতৃত্বাধীন প্রতিনিধি পরিষদের মাধ্যমে অনুমোদিত হতে হবে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মাধ্যমে স্বাক্ষরিত হতে হবে।
তেহরানের সঙ্গে স্বাক্ষরিত ছয় জাতিগোষ্ঠীর পরমাণু সমঝোতা লঙ্ঘন করে ওয়াশিংটন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের অধীনে ইতিমধ্যে ইরানের ওপর দুই দফা নিষেধাজ্ঞা আরোপ করেছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১১