ইরানের হরমুজগান প্রদেশে ৪ সন্ত্রাসী নিহত; দায়েশের পতাকা উদ্ধার
-
ইরানি পুলিশের অভিযানে নিহত চার সন্ত্রাসী
ইরানের পুলিশ বাহিনী দেশটির দক্ষিণাঞ্চলীয় একটি প্রদেশে অভিযান চালিয়ে চার সন্ত্রাসীকে হত্যা করেছে। সেই সঙ্গে উগ্র তাকফিরি গোষ্ঠী দায়েশের পতাকার পাশাপাশি নিহত সন্ত্রাসীদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং গোলাবারুদ উদ্ধার করেছে পুলিশ।
নিরাপত্তা বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষে এসব সন্ত্রাসী নিহত হয়েছে বলে হরমুজগান প্রদেশের পুলিশ প্রধান আজিজুল্লাহ মালেকি আজ (সোমবার) সাংবাদিকদের জানিয়েছেন। তিনি বলেন, পুলিশ বাহিনী প্রদেশের রৌদান কাউন্টির কাছে একটি পাহাড়ি এলাকায় সন্ত্রাসীদের অবস্থানে অভিযান চালালে সেখানে তীব্র সংঘর্ষের সৃষ্টি হয় এবং এক পর্যায়ে এসব সন্ত্রাসী নিহত হয়।
নিহত এসব সন্ত্রাসীর কাছ থেকে চারটি অস্ত্র, ১১২টি তাজা গুলি এবং কিছু বিস্ফোরক দ্রব্যের পাশাপাশি দায়েশের কালো পতাকাও উদ্ধার করা হয়েছে বলে জানান তিনি। পুলিশ প্রধান মালেকি আরো বলেন, নিহতদের মধ্যে দুই জন বিদেশী ছিল এবং বাকিদের পরিচয় যাচাইয়ের চেষ্টা চলছে।
বুধবারে তেহরানে পার্লামেন্টের প্রশাসনিক ভবনে এবং ইমাম খোমেনি (রহ)'র মাজারে সংঘঠিত সন্ত্রাসী হামলায় অন্তত ১৭ জন শহীদ এবং ৫০ জনের বেশি আহত হয়েছিল। হামলায় জড়িত সব সন্ত্রাসীই নিহত হয়েছে। তাকফিরি গোষ্ঠী দায়েশ হামলার দায়িত্ব স্বীকার করেছে।#
পার্সটুডে/বাবুল আখতার/১২