'পরমাণু ইস্যুতে মার্কিন নেতৃত্বাধীন দেশগুলোর নিষেধাজ্ঞা আর ফিরে আসবে না'
-
বিনিয়োগ বিষয়ক উপ অর্থমন্ত্রী মোহাম্মদ খাজাইয়ি
তেহরানের পরমাণু ইস্যুতে মার্কিন নেতৃত্বাধীন দেশগুলোর পক্ষ থেকে চাপিয়ে দেয়া নিষেধাজ্ঞা আর কখনো ফিরে আসবে না বলে জানিয়েছে ইরান। আজ ভিয়েনায় 'ইরানে বিনিয়োগ সুবিধা' শীর্ষক একটি ফোরামে দেয়া বক্তৃতায় দেশটির বিনিয়োগ বিষয়ক উপ অর্থমন্ত্রী মোহাম্মদ খাজাইয়ি এসব কথা বলেন।
তিনি বলেন, ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা পুনরুজ্জীবিত করার মতো প্রক্রিয়ার আর কোনো অস্তিত্ব নেই। ফোরামে দেয়া বক্তৃতায় খাজাইয়ি আরো বলেন, বিশ্বের সাথে অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে ইরান নতুন যুগে প্রবেশ করেছে। তেহরানে বিনিয়োগ করার মানুষের যে হিড়িক পড়েছে এটা তারই প্রমাণ বলে জানান তিনি।
বিনিয়োগের জন্য ইরান যে উপযুক্ত স্থান তা দেশটি এরই মধ্যে প্রমাণ করেছে- এ কথা উল্লেখ করে খাজাইয়ি বলেন, পারস্য উপসাগরে সম্প্রতি কূটনৈতিক টানাপড়েন সৃষ্টি হওয়ার ফলে বিনিয়োগকারীরা আঞ্চলিক কিছু নির্দিষ্ট দেশ থেকে তাদের অর্থ তেহরানের দিকে স্থানান্তর করছে।
উপ অর্থমন্ত্রী খাজাইয়ি আরো বলেন, ২০১৬ সালে ইরান ১,২০০ কোটি ডলার অর্থমূল্যের বিনিয়োগ নিশ্চিত করেছে। এ যাবৎকালে এটিই দেশের জন্য সর্বোচ্চ বিনিয়োগ বলে জানান তিনি।#
পার্সটুডে/বাবুল আখতার/৭