পরমাণু সমঝোতা লঙ্ঘন করছে ওয়াশিংটন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন সরকার ইরানের সঙ্গে স্বাক্ষরিত পরমাণু সমঝোতা সঠিকভাবে বাস্তবায়ন করছে না। জাতিসংঘের একটি সম্মেলনে যোগ দিতে নিউ ইয়র্ক সফরে গিয়ে রোববার মার্কিন নিউজ চ্যানেল সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এ অভিযোগ করেন তিনি।
ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতার ব্যাপারে মার্কিন আচরণের বর্ণনা দিতে গিয়ে জারিফ বলেন, ইরান ওই সমঝোতা পুরোপুরি মেনে চলছে এবং এ বিষয়টিকে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ। কিন্তু মার্কিন সরকার এ সমঝোতায় দেয়া নিজের প্রতিশ্রুতি লঙ্ঘন করেছে।
পরমাণু সমঝোতা সই হওয়ার পর ইরান পরমাণু অস্ত্র তৈরির দিকে ঝুঁকে পড়তে পারে বলে কোনো কোনো মহলের উদ্বেগ সম্পর্কে প্রশ্ন করা হলে জারিফ বলেন, পরমাণু সমঝোতা সই হওয়ার আগে ও পরে ইরান বিশ্ববাসীর কাছে একথা স্পষ্ট করতে পেরেছে যে, দেশটি পরমাণু অস্ত্র কর্মসূচি পরিচালনা করছে না। আইএইএ ইরানের এই বক্তব্যকে নিশ্চিত করে অসংখ্য প্রতিবেদন জমা দিয়েছে।
সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে সিরিয়া সরকারের প্রতি ইরানের সমর্থন নিয়েও কথা বলেন জাওয়াদ জারিফ। তিনি জানান, সিরিয়া, আফগানিস্তান ও ইরাকসহ মধ্যপ্রাচ্যের আরো কিছু দেশের ব্যাপারে ইরান অভিন্ন নীতি গ্রহণ করেছে। তেহরান সব সময় উগ্রবাদ ও সন্ত্রাসবাদের বিরোধী এবং যারাই এই জঙ্গিবাদ বিরোধী লড়াই করেছে ইরান তাদের পাশে দাঁড়িয়েছে। #
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৭