সিরিয়ার প্রতিটি বিজয়ে ইরানের অংশগ্রহণ রয়েছে: দামেস্ক
-
দামেস্কে মুয়াল্লেমের সঙ্গে সাক্ষাৎ করেন আব্দুল্লাহিয়ান
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ আল-মুয়াল্লেম বলেছেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে তার দেশের প্রতিটি বিজয়ে ইসলামি প্রজাতন্ত্র ইরানের অংশগ্রহণ রয়েছে। দামেস্ক সফররত ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন তিনি।
মুয়াল্লেম বলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধে ইরানের সরকার ও জনগণের সমর্থন এবং দেশটির সর্বোচ্চ নেতার মূল্যবান দিকনির্দেশনার জন্য তেহরানের প্রতি দামেস্ক কৃতজ্ঞতা জানাচ্ছে। তিনি কোনো রাকঢাক না রেখেই বলেন, ইরান ও রাশিয়ার সমর্থন না পেলে সিরিয়ার একার পক্ষে রণাঙ্গনে একের পর এক সাফল্য পাওয়া সম্ভব ছিল না।
সাক্ষাতে ইরানের উপ পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি সন্ত্রাসীরা চূড়ান্ত পরাজয়ের দ্বারপ্রান্তে রয়েছে। তিনি জঙ্গিদের বিরুদ্ধে বিজয়ের জন্য সিরিয়ার সরকার ও জনগণকে অভিনন্দন জানান।
এ সময় আব্দুল্লাহিয়ান ও মুয়াল্লেম মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘটনাবলীর পাশাপাশি দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩