মার্কিন হুমকির মুখে উত্তর কোরিয়ার প্রতিরোধ প্রশংসনীয়: লারিজানি
https://parstoday.ir/bn/news/iran-i43512-মার্কিন_হুমকির_মুখে_উত্তর_কোরিয়ার_প্রতিরোধ_প্রশংসনীয়_লারিজানি
ইরানের সংসদ স্পিকার আলি লারিজানি বলেছেন, উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির মুখে প্রশংসনীয় প্রতিরোধ দেখিয়েছে। একই সঙ্গে বিশ্বে দ্রুত শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
(last modified 2026-05-09T13:18:37+00:00 )
আগস্ট ০৫, ২০১৭ ০৪:২১ Asia/Dhaka
  • আলি লারিজানি(ডানে) এবং উত্তর কোরিয়ার সংসদ প্রধান কিম ইয়ং-নাম(বামে)
    আলি লারিজানি(ডানে) এবং উত্তর কোরিয়ার সংসদ প্রধান কিম ইয়ং-নাম(বামে)

ইরানের সংসদ স্পিকার আলি লারিজানি বলেছেন, উত্তর কোরিয়া মার্কিন যুক্তরাষ্ট্রের হুমকির মুখে প্রশংসনীয় প্রতিরোধ দেখিয়েছে। একই সঙ্গে বিশ্বে দ্রুত শান্তি এবং নিরাপত্তা প্রতিষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

লারিজানি বলেন, বিশ্বের বিশৃঙ্খল পরিস্থিতি কোনও দেশের জন্যেই কল্যাণকর হয় না বরং এতে প্রত্যেকেরই ক্ষতি হয়। তেহরান সফররত উত্তর কোরিয়ার সংসদ প্রধান কিম ইয়ং-নামের সঙ্গে বৈঠকে এ সব কথা বলেন তিনি।

এ সময় ইরানের শান্তিপূর্ণ পরমাণু কর্মসূচি নিয়েও কথা বলেন লারিজানি। তিনি বলেন, পরমাণু অস্ত্র প্রতিটি দেশ এবং গোটা বিশ্বের জন্য বিপজ্জনক। ইরান পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহার সমর্থন করে বলেও উল্লেখ করেন তিনি।

বৈঠকে কিম ইয়ং বলেন, তেহরান এবং পিয়ংইয়ংয়ের অভিন্ন শত্রু রয়েছে। আমেরিকা জবরদস্তিমূলক নীতি অব্যাহত রেখেছে। উত্তর কোরিয়া বিশ্বে শান্তি প্রতিষ্ঠার পক্ষে রয়েছে উল্লেখ করে তিনি বলেন, পিয়ংইয়ং কখনোই জাতীয় স্বার্থ ত্যাগ করবে না। আমেরিকাকে উত্তর কোরিয়ার প্রতি বৈরী নীতি ত্যাগ করারও আহ্বান জানান তিনি।

এ ছাড়া, ইরান এবং উত্তর কোরিয়ার স্বার্থে উভয় দেশের সম্পর্ক শক্তিশালী করা  প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।#

পার্সটুডে/মূসা রেজা/৫