রাজনৈতিক উপায়ে ইয়েমেন সংকট নিরসনের আহ্বান জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i44032-রাজনৈতিক_উপায়ে_ইয়েমেন_সংকট_নিরসনের_আহ্বান_জানাল_ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এবং জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধি ইসমাইল ওউল্দ শেইখ আহমেদ রাজনৈতিক উপায়ে ইয়েমেন সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, যুদ্ধবিধ্বস্ত দরিদ্র এই দেশটির মানবিক সংকট কাটিয়ে ওঠার জন্য রাজনৈতিক সমাধানের কোনো বিকল্প নেই।
(last modified 2026-03-14T11:23:49+00:00 )
আগস্ট ১৩, ২০১৭ ০১:৪৮ Asia/Dhaka
  • শনিবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর  (ডানে) সঙ্গে সাক্ষাৎ করেন শেইখ আহমেদ
    শনিবার রাতে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর (ডানে) সঙ্গে সাক্ষাৎ করেন শেইখ আহমেদ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এবং জাতিসংঘের ইয়েমেন বিষয়ক বিশেষ প্রতিনিধি ইসমাইল ওউল্দ শেইখ আহমেদ রাজনৈতিক উপায়ে ইয়েমেন সংকট নিরসনের আহ্বান জানিয়েছেন। তারা বলেছেন, যুদ্ধবিধ্বস্ত দরিদ্র এই দেশটির মানবিক সংকট কাটিয়ে ওঠার জন্য রাজনৈতিক সমাধানের কোনো বিকল্প নেই।

ইরান সফররত শেইখ আহমাদ শনিবার রাতে মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে সাক্ষাৎ করতে গেলে দুই কর্মকর্তা এই অভিমত প্রকাশ করেন। তারা সৌদি আগ্রাসনে বিধ্বস্ত ইয়েমেনের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।

এর আগে শনিবারই ইরানি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্যে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি তেহরান পৌঁছান। তেহরান পৌঁছেই শেইখ আহমেদ ইরানের আরব ও আফ্রিকা বিষয়ক উপ পররাষ্ট্রমন্ত্রী হোসেইন জাবেরি আনসারির সঙ্গে সাক্ষাৎ করেন।

ওই সাক্ষাতে জাবেরি আনসারি ইয়েমেনের ওপর সৌদি আগ্রাসন বন্ধে জাতিসংঘকে সর্বোচ্চ চেষ্টা চালানোর আহ্বান জানান। তিনি ইয়েমেনে মানবিক পরিস্থিতির ব্যাপারে গভীর উদ্বেগ প্রকাশ করেন।

এ সময় ইয়েমেন পরিস্থিতি শান্ত করার লক্ষ্যে জাতিসংঘের পক্ষ থেকে নেয়া উদ্যোগগুলো সম্পর্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রীকে অবহিত করেন শেইখ আহমেদ। তিনি বলেন, জাতিসংঘ সামরিক উপায় পরিহার করে রাজনৈতিক উপায়ে ইয়েমেন সংকট সমাধানের চেষ্টা করছে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৩