আমেরিকাকে অতীত থেকে শিক্ষা নিতে হবে: ইরান
-
জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গোলামআলী খোশরো
মার্কিন রাজনীতিবিদদেরকে অতীতের ভুল থেকে শিক্ষা নেয়ার আহ্বান জানিয়েছে ইরান। জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গোলামআলী খোশরো এ আহ্বান জানিয়ে বলেছেন, তেহরান সব সময় মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার পক্ষে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।
জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত নিকি হ্যালি সম্প্রতি ইরানের বিরুদ্ধে যে উস্কানিমূলক বক্তব্য দিয়েছেন তার জবাব দিতে গিয়ে খোশরো এসব কথা বলেন। তিনি বলেন, নিকি হ্যালির বক্তব্যের পুরোটাই বাস্তবতা বিবর্জিত।
হ্যালি গত মঙ্গলবার দাবি করেছিলেন, ইরান ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে এবং সন্ত্রাসবাদে মদদ যুগিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তব লঙ্ধন করেছে। এজন্য ইরানকে জবাবদিহী করতে হবে।
এর প্রতিক্রিয়ায় খোশরো বলেন, “মার্কিন কর্মকর্তারা যে সংকটের সমাধান না করে পরিস্থিতি আরো ঘোলাটে করতে চান হ্যালির এ বক্তব্য তার প্রমাণ। এ ধরনের বক্তব্য বাদ দিয়ে মার্কিন কর্মকর্তাদের উচিত অতীত থেকে শিক্ষা নিয়ে কথা ও আচরণে সংযত হওয়া।” জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আরো বলেন, মার্কিন সরকার ভিত্তিহীন অভিযোগ তুলে ইরানের পরমাণু সমঝোতাকে ভণ্ডুল করতে চায়। কিন্তু এটি একটি আন্তর্জাতিক সমঝোতা বলে তা একতরফাভাবে বাতিল করা ওয়াশিংটনের পক্ষে সম্ভব নয়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১৯