পরমাণু সমঝোতা এখনো সফল কূটনীতির ফসল: জারিফ
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ
২০১৫ সালে ছয় জাতিগোষ্ঠীর সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা এখনো একটি সফল কূটনীতি হিসেবে গণ্য হচ্ছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। কারণ সমঝোতার ধারাগুলোকে অব্যাহত রাখতে অন্যান্য পক্ষগুলো ইরানের পাশে শক্তভাবে দাঁড়িয়ে আছে।
গতকাল (শনিবার) মার্কিন টেলিভিশন চ্যানেল সিবিএস'র তেহরান প্রতিনিধিকে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী জারিফ এ মন্তব্য করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার রাতে তার পূর্ব পরিকল্পিত ইরান বিদ্বেষী বক্তব্যে বলেন, জাতিসংঘ এবং অন্যান্য দেশ সমঝোতা মেনে চললেও তার প্রশাসন তা প্রত্যয়ন করতে পারে না এবং করবে না। তিনি ইরানকে পরমাণু সমঝোতার ‘চেতনা’ লঙ্ঘনের দায়ে অভিযুক্ত করে দাবি করেন, আমেরিকার ইতিহাসে এটি সবচেয়ে খারাপ চুক্তি এবং তিনি যখনই প্রয়োজন মনে করবেন তখনই এটি বাতিল করে দেবেন।
জারিফ বলেন, পরমাণু সমঝোতার ব্যাপারে ট্রাম্পের নেয়া সিদ্ধান্ত আন্তর্জাতিক সমাজে আমেরিকার গ্রহণযোগ্যতাকে কমিয়ে দেবে। তিনি বলেন, ওয়াশিংটনের সঙ্গে দীর্ঘ মেয়াদি কোনো চুক্তিতে আবদ্ধ হওয়ার ক্ষেত্রে মার্কিন প্রশাসনকে এখন আর কেউ বিশ্বাস করবে না।
তিনি আরো বলেন, "আমি বিশ্বাস করি ট্রাম্প প্রশাসন এ অঞ্চলের বাস্তবতার বিষয়ে চোখ বন্ধ করে রেখেছেন। তাই এ অঞ্চলের বাস্তবতার নিরিখে ট্রাম্প প্রশাসন তাদের অজ্ঞতাপূর্ণ নীতিগুলো সঠিক অবস্থানে ফিরিয়ে নিয়ে আসবে।"#
পার্সটুডে/বাবুল আখতার/১৫